ঘটা করে বানরবর্ষ শুরু
বিশ্বের বিভিন্ন দেশে আজ সোমবার চীনা চান্দ্র বর্ষ উদযাপন করা হচ্ছে। নতুন বছরটি বানরবর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বছরটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভালো কাটবে না বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সারা বিশ্বের কোটি কোটি মানুষ চীনা নববর্ষ পালন করছে। দিনটিকে কেন্দ্র করে চীনের রাজধানী বেইজিংয়ে আতশবাজির জাঁকালো প্রদর্শনী হয়েছে। নতুন বছর উপলক্ষে কেউ উপোস করছে, কেউ প্রার্থনা করছে, কেউবা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছে।
নতুন বছরকে বরণ করতে আয়োজন ও উদ্দীপনার কমতি নেই। কিন্তু বছরটিকে ঘিরে আছে উদ্বেগ ও শঙ্কা।
অনেক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন, নতুন বছরে নানা ঝামেলা ও রোগব্যাধির জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক ঝঞ্ঝার ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আভাস দেওয়া হয়, নতুন বছর নারীদের জন্য শুভ হবে। তাদের ক্ষমতায়ন ঘটবে। উদ্ভাবনের জন্যও বছরটি অনুকূল হবে। এ বছর উদ্ভাবনের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি লক্ষ করা যেতে পারে।