ঘড়ি আধঘণ্টা পিছিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিভৃতকামী কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়া তাদের ঘড়ির সময় ৩০ মিনিট পিছিয়ে নিচ্ছে। দেশটির সরকার গতকাল শুক্রবার এ ঘোষণা দেয়। উত্তর কোরিয়ার স্থানীয় সময় বর্তমানে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের মান সময়ের সমান। খবর এএফপি ও বিবিসির।
উত্তর কোরিয়া বলছে, এক শতাব্দীরও বেশি সময় আগে ‘নীতিহীন’ জাপানি সাম্রাজ্যবাদীদের নির্ধারণ করা স্থানীয় সময় থেকে বের হয়ে আসবে তারা। নতুন স্থানীয় সময় গত বুধবার অনুমোদন করেছে উত্তর কোরিয়ার পার্লামেন্ট। এটি আগামী ১৫ আগস্ট থেকে কার্যকর হবে। ওই দিন কোরিয়া উপদ্বীপে জাপানি ঔপনিবেশিক শাসন (১৯১০-৪৫) অবসানের ৭০ বছর পূর্ণ হবে।
উত্তর কোরিয়া বলছে, জাপানের সাম্রাজ্যবাদী শাসকেরা তাদেরকে নিজস্ব মান সময় থেকে বঞ্চিত করার মতো ‘অমার্জনীয় অপরাধ’ করেছিল।