ঘরের ওপর বিধ্বস্ত তুর্কি বিমান, নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​কিরগিজস্তানে বাড়ির ওপর আছড়ে পড়া বিমান l
​কিরগিজস্তানে বাড়ির ওপর আছড়ে পড়া বিমান l

কিরগিজস্তানের মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামে আছড়ে পড়েছে তুরস্কের কার্গো বিমান। বিমানটি বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন।

কুয়াশার কারণে জরুরি অবতরণের সময় তুর্কি বিমানটি ওই গ্রামের অনেকগুলো বাড়ির ওপর বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকের কাছে দাচা-সু গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত এলাকা থেকে ৩৭ জনের লাশ উদ্ধার করেছেন। আহত হয়েছে বহু লোক।

কিরগিজস্তানের জরুরি সেবা বিভাগের মুখপাত্র মুহাম্মেদ শেভারভ বলেন, কার্গো বিমানটি বাড়িঘর, গাড়ি এবং ব্যবসা স্থাপনার ওপর আছড়ে পড়ে। এতে ৪৩টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। হতাহত ব্যক্তিরা অধিকাংশই দাচা-সু গ্রামের বাসিন্দা। মৃত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। আক্রান্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

তুর্কি বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় মানাস বিমানবন্দর বন্ধ করে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গ্রামের বাসিন্দা জুমরিয়াত রেজাখানোভা বলেন, ‘একটি বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়। ওই পরিবারের সবাই ঘুমাচ্ছিলেন। ওই বাড়ির কোনো কিছুই আর বাকি নেই। পাশের বাড়িটি আমার বোনের। বাড়িটি বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে আমার বোন ও তাঁর পরিবার বেঁচে গেছে।’

কিরগিজস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, বিমানটিতে চারজন পাইলট ছিলেন। এটি হংকং থেকে কিরগিজস্তানের রাজধানী বিশকেক হয়ে তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে।

তুরস্কের এসিটি কার্গোর মালিকানাধীন বিমানটি বোয়িং ৭৪৭ টিসি-এমসিএল মডেলের। এটি বছর ধরে চলাচল করছিল। কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে এসিটি কার্গো কর্তৃপক্ষ।