জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের উত্থানের পরিপ্রেক্ষিতে ক্রমবর্ধমান মানবিক সংকটের ভেতর দিয়ে গতকাল রোববার পাঁচ বছরে পদার্পণ করেছে সিরিয়ার রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। ওই গৃহযদ্ধে এ পর্যন্ত ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। দেশটি বর্তমানে চরম মানবিক সংকটে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর এএফপির।
সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির মোট জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সিরিয়ার সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার অভিযোগ এনেছে মানবাধিকার ও সাহায্য সংস্থাগুলো। সিরিয়া এখন সরকারি বাহিনী, জিহাদি সংগঠন, কুর্দি যোদ্ধা এবং অবশিষ্ট চরমপন্থী নয় এমন বিদ্রোহীদের দ্বারা বিভিন্ন ভাগে বিভক্ত।
মিসর এবং সিরিয়ার গণ-অভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে ২০১১ সালের ১৫ মার্চ সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। আর বিক্ষোভকারীদের ওপর চরম দমনপীড়ন শুরু করে সরকার। সেই থেকে সংঘাত আর থামেনি। পরিস্থিতির অবনতি হতে হতে আজকের বহুমুখী সংঘাতের সূত্রপাত হয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ‘আমাদের এই যুগে সবচেয়ে মানবিক জরুরি অবস্থায়’ রয়েছে সিরিয়া। প্রায় ৪০ লাখ লোক দেশটি থেকে পালিয়ে বিদেশে চলে গেছে। ১০ লাখের বেশি মানুষ প্রতিবেশী লেবাননে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। সিরিয়ার ভেতরের ৭০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, সংঘাতের কারণে সিরিয়ার ৬০ শতাংশের বেশি মানুষ দারিদ্র্যে পরিণত হয়েছে। অবকাঠামো ধ্বংস হয়েছে। অর্থনীতিবিদেরা বলছেন, দেশটির অর্থনীতি ৩০ বছর পেছনে চলে গেছে।