চাপের মুখে ইসরায়েল
গাজায় এ মুহূর্তে ‘১২ ঘণ্টার যুদ্ধবিরতি’ কার্যকর হলেও সেখানে ইসরায়েলি হামলায় ইতিমধ্যে আট শতাধিক লোকের প্রাণ ঝরেছে। বিধ্বস্ত গাজায় এখন কেবল আতঙ্ক। চলমান পরিস্থিতিতে গাজায় সহিংসতা বন্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল।
ইসরায়েলের পর্যটনশিল্পও ধসের মুখে পড়েছে। কারণ, সহিংস পরিস্থিতির কারণে বাইরের দেশগুলো ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করেছে। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তাদের বিমানবন্দর নিরাপদ। কিন্তু এ সপ্তাহেই তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে গাজা থেকে রকেট হামলা চালানো হয়। সহিংসতার কারণে ইউরোপীয় দেশগুলো ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করেছে।
আজ গাজায় ১২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। স্থানীয় সময় সকাল আটটা থেকে পরবর্তী ১২ ঘণ্টা মানবিক কারণে এই অস্ত্রবিরতি চলবে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রামাল্লায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও তিনি বৈঠক করেন। বৈঠকের পর কেরি বলেন, ‘আমরা যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়া অব্যাহত রেখেছি।’ গাজায় সংঘর্ষ ও সহিংসতা বন্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার কর্মকর্তা নাভি পিল্লাই বলেন, হামলা বন্ধে তাঁরা ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করেছেন। তিনি বলেন, ইসরায়েল ও হামাসের যুদ্ধ অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা খুব বেশি। জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার পরিষদ এ ব্যাপারে তদন্ত করতে বৈঠক করছেন।