চাপের মুখে জাপানের চিকিৎসাব্যবস্থা
করোনাভাইরাস সংক্রমণ অব্যাহত থাকার মুখে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে নতুন করে বাড়তি চাপের মুখে ফেলছে জাপানের চিকিৎসাসেবার ব্যবস্থাকে। টোকিওতে আজ শনিবার নতুন সংক্রমণ শনাক্ত করা হয় ২৫৬টি। গতকাল শুক্রবার ২৫৮টি সংক্রমণের চেয়ে এই সংখ্যা সামান্য কম হলেও জাপানের রাজধানীতে এক সপ্তাহের গড় এখনো ২০০–এর অনেক ওপরে বিরাজমান।
জাপানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এসেছে কি না, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে বিতর্ক অব্যাহত থাকার মুখে হঠাৎ করে চলে আসা গ্রীষ্মের অস্বাভাবিক গরম কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে নাগরিকদের মধ্যে উৎকণ্ঠা আছে। বিশেষ করে করোনা সংক্রমণের কারণে মাস্ক পরে বাইরে যেতে হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে তা আরও বিপর্যস্ত করে তুলছে।
জাপানের কিছু কিছু এলাকায় আজ দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়। দেশের মধ্যাঞ্চলের শিজুওকা জেলার হামামাৎসু শহরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি বলছে, চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু করে এক সপ্তাহ সময়ে জাপান জুড়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়া ১২ হাজারের বেশি লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে টোকিওতে হিট স্ট্রোকে প্রাণ হারানো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। আগস্টে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা হচ্ছে ৭৯, যার প্রায় ৯০ শতাংশই বৃদ্ধ। গরমের কারণে মৃত্যুর এই হার এখন করোনার হামলায় মৃত্যুর সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে জাপানে গ্রীষ্মে প্রচণ্ড গরম নিয়মিত হয়ে উঠলেও আবহাওয়া ও চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, অন্তত দুটি কারণে এবারের গরম আরও বেশি অসহনীয় হয়ে উঠেছে। প্রথমত, স্বাভাবিক সময়ের চেয়ে বেশ কিছুটা দেরিতে এ বছর গ্রীষ্ম আসায় গরমের সঙ্গে ক্রমে মিলিয়ে চলার সময় মানুষ পেয়েছে কম। সাধারণত জুনে জাপানে বর্ষা মৌসুম শেষ হয়ে যাওয়ার পর ধীর তিতে গরম পড়তে শুরু করে। এ বছর বর্ষা প্রলম্বিত হওয়ায় গরমের আঁচ শুরুতে সেভাবে পাওয়া যায়নি। তবে জুলাইয়ের শেষ দিক থেকে হঠাৎ করে গ্রীষ্মের দাবদাহ চলে এলে মানুষের স্বাভাবিক জীবন সহসাই বিঘ্নিত হতে শুরু করে।
এর বাইরে করোনাভাইরাস মোকাবিলায় বাইরে থাকা অবস্থায় সার্বক্ষণিকভাবে মাস্ক পরতে হওয়ায় মানুষের অস্বস্তি সেটা এখন আরও বাড়িয়ে দিচ্ছে। ঘরের বাইরে যাঁরা পরিশ্রমের কাজ করছেন, তাঁদের বেলায় এটা একই সঙ্গে হৃদ্রোগের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। ফলে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এখন করোনাভাইরাসের ঝুঁকি এড়িয়ে যাওয়ার উপদেশ দেওয়ার পাশাপাশি হিট স্ট্রোকের বিপদ থেকে মুক্ত থাকতে হলে কী করা দরকার, সেই পরামর্শও নাগরিকদের দিতে হচ্ছে। খোলা জায়গায় বেশিক্ষণ অবস্থান না করা এবং স্বল্প বিরতিতে নিয়মিতভাবে পানি পান করার পরামর্শ নাগরিকদের স্মরণ করিয়ে দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর বাইরে, বিশেষ করে বয়স্ক লোকজনকে বাড়িতে সার্বক্ষণিকভাবে এয়ার কন্ডিশনার চালু রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, দাবদাহ খুব বেশি দিন স্থায়ী হবে না। জাপানের ওপরের বায়ুমণ্ডলে দুটি উচ্চ চাপ বলয়ের অবস্থান অস্বাভাবিক গরম নিয়ে আসে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় গরম কিছুটা কমে আসবে। অন্যদিকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পথে বড় ধরনের কোনো অগ্রগতির আভাস এখনো পাওয়া যাচ্ছে না। অন্য অনেক দেশের মতোই করোনার প্রতিষেধক টিকার আগমনের অপেক্ষায় জাপান এখন আছে।