চার খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত মালয়েশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি কর্মী নিয়োগের ওপর স্থগিতাদেশ সীমিত পরিসরে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। দেশটির যোগাযোগমন্ত্রী লিওউ তিয়ং লাই জানিয়েছেন, ক্রমবর্ধমান শ্রমিক-সংকটের মুখে চারটি খাতে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। উৎপাদন, নির্মাণ ও কৃষি খাত এবং আসবাব শিল্প এর আওতায় পড়বে বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী বলেন, এই চার খাতে সবচেয়ে বেশি শ্রমিক সংকট দেখা দিয়েছে। তবে মন্ত্রিপরিষদ অন্যান্য খাতের ব্যাপারেও খোঁজখবর রাখছে। কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করে ক্রমান্বয়ে এসব খাতের ওপর থেকেও স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।
পুরো স্থগিতাদেশ তুলে নিতে সময় লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, বিদেশি শ্রমিক নিয়োগের পুরো প্রক্রিয়া সরকারি তত্ত্বাবধানের আওতায় আনা মালয়েশিয়ার জন্য অত্যন্ত জরুরি। প্রতিটি খাতের উন্নয়নে শ্রমিকেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজেই নিয়োগ ও কাজের ক্ষেত্রে তাঁরা যদি অনিশ্চয়তায় ভোগেন, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, শুধু উৎপাদন খাতেই মালয়েশিয়ার ১৪৬টি প্রতিষ্ঠানে চলতি বছর ১৩ হাজার ২৭০ জন নতুন শ্রমিক নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, প্রায় ১১ মাস আগে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেওয়ার ঘোষণাটি এসেছিল মালয়েশিয়ার কাছ থেকে। দেশটির ট্রেড ইউনিয়নসহ সবাই এর বিরোধিতা করলেও সিদ্ধান্তে অনড় ছিল মালয়েশিয়া। অনুমোদন দিয়েছিল দেশটির মন্ত্রিসভাও। তবে এ বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে থেকে কর্মী নেওয়ার সেই সমঝোতা সইয়ের ১২ ঘণ্টার মধ্যেই মালয়েশিয়া জানায়, এই মুহূর্তে তারা কোনো কর্মী নেবে না। তখন থেকেই সব খাতে ​বিদেশি কর্মী নেওয়া পুরোপুরি বন্ধ রেখেছিল মালয়েশিয়া।

আরও পড়ুন: