চার দশক পর দুই খেমাররুজ নেতার দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নমপেন ছেড়ে যাওয়ার সে দিনের কথা আজও ভুলতে পারি না। শহর ছেড়ে যেতে বাধ্য করা হলো আমাদের। খাবার নেই, এক ফোঁটা পানি নেই। হাঁটলাম মাইলের পর মাইল।’ 
বার্তা সংস্থা এপিকে এভাবেই তাঁর ক্ষোভের কথা বলছিলেন ৭৫ বছরের বৃদ্ধা সুয়ান মম। কম্বোডিয়ায় চার বছরের অতি বাম খেমাররুজ শাসনামলে তাঁর স্বামী আর চার সন্তানকে না খেতে দিয়ে মেরে ফেলা হয়। 
সুয়ান মমের মতো লাখো কম্বোডীয়র তীব্র মনোযাতনায় গতকাল বৃহস্পতিবার সান্ত্বনার প্রলেপ পড়েছে কিছুটা হলেও। খেমাররুজ শাসনামলের গণহত্যার দায়ে দুই শীর্ষ খেমাররুজ নেতা নুয়ান চিয়া (৮৮) ও খিউ সাম্ফানকে (৮৩) গতকাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জাতিসংঘ সমর্থিত সে দেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল। 
খেমাররুজের চার বছরের (১৯৭৫ থেকে ১৯৭৯) শাসনামলে বিশ লাখ মানুষকে ফাঁসি, অনাহার ও নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ আছে। এই সংখ্যা কম্বোডিয়ার তখনকার মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। 
কম্বোডিয়ার মাওবাদী শাসক সালোথ সার বা পল পটের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন নুয়ান চিয়া (৮৮) ও খিউ সাম্ফান। ‘ব্রাদার টু’ নামে পরিচিত নুয়ান চিয়া ছিলেন পল পটের সহকারী। আর খিউ সাম্ফান ছিলেন দেশটির রাষ্ট্রপতি। মানবতাবিরোধী অপরাধ, নরহত্যা ও অত্যাচারের অভিযোগে তাঁদের বিচার করা হয়। ট্রাইব্যুনালের মুখ্য বিচারক নিল নোনের কথায়, খেমাররুজের শাসন একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী উইলিয়াম স্মিথ এই দুইজনকে ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করে বলেছেন, ‘পৈশাচিক শক্তি আর ভীতি ছড়িয়ে এঁরা কম্বোডিয়ার মানুষকে শাসন করেছিলেন।’ 
১৯৭৫ সালের এপ্রিল মাসে পল পটের নেতৃত্বে খেমাররুজ গেরিলারা কম্বোডিয়ার (তখনকার নাম কাম্পুচিয়া) রাজধানী নমপেন দখল করে নেয়। কৃষি সংস্কারের নামে তারা শহরগুলো খালি করে বহু লোককে জোর করে গ্রামে পাঠায় চাষাবাদ করতে। লক্ষ্য কৃষিভিত্তিক সমাজ গঠন। কঠোর পরিশ্রম করতে গিয়ে অনাহারে-অর্ধাহারে অসংখ্য লোক মারা যায়। এ ছাড়া সম্ভাব্য শত্রু মনে করে বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তা, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা এবং তাদের পরিজনদের হত্যা করা হয়। নুয়ান চিয়াকে এসব কর্মকাণ্ডের আদর্শিক গুরু মনে করা হয়। 
২০১১ সালে বিচার শুরু হওয়ার পর থেকে হাসপাতালে থাকা এই দুই বয়োবৃদ্ধ নেতাই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে গেছেন। খিউ সাম্ফান অবশ্য গণহত্যা সংঘটিত হওয়ার কথা স্বীকার করেছেন। তবে এ জন্য তিনি পল পটকে দায়ী করেছেন। গত বছর আদালতে দেওয়া সাক্ষ্যে তিনি নিজেকে সেই শাসনামলে ‘একেবারে ক্ষমতাহীন’ বলে অভিহিত করেন। আর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘রূপকথা’ বলে অভিহিত করেন।
অন্যদিকে চোখে তাঁর সুপরিচিত সানগ্লাস পরে আদালতে আসা নুয়ান চিয়া গণহত্যার ‘নৈতিক দায়িত্ব’ স্বীকার করলেও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। গত বছর আদালতে দাঁড়িয়ে তিনি দাবি করেন, মানুষ হত্যা, তাদের অভুক্ত রাখার কোনো আদেশ কখনো দেননি। বরং নিহত মানুষদের আত্মার শান্তিও কামনা করেছেন। 
দুজনের আইনজীবীই বলেছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। 
জটিল, সমস্যাসংকুল বিচার: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির নাৎসিদের যে বিচার হয়েছিল কম্বোডিয়ার বিচারের প্রক্রিয়াকে এর চেয়ে জটিল বলে অভিহিত করা হয়েছে। এক্সট্রাঅর্ডিনারি চেম্বার্স ইন দ্য কোর্ট অব কম্বোডিয়া নামে পরিচিতি বিশেষ আদালত ২০০৬ সালে কাজ শুরু করে। এই আদালতের বিরুদ্ধে অযোগ্যতা এবং দুর্নীতির অভিযোগও উঠেছিল। আজ পর্যন্ত এটির পরিচালনায় ব্যয় হয়েছে ২০ কোটি ডলার। তবে এসব সমস্যা থাকা সত্ত্বেও এই রায়ের ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন আদালতের মুখপাত্র লার্স ওলসেন। তিনি বললেন, ভুক্তভোগীরা ৩৫ বছর ধরে অপেক্ষা করেছে এই রায়ের জন্য। অবশেষে তারা ন্যায়বিচার পেল। এটা নিঃসন্দেহে একটি মাইলফলক। 
প্রায় তিন বছর ধরে চলা খিউ সাম্ফান ও নুয়ান চিয়ার বিচারে খেমাররুজ শাসনামলে নির্যাতনের শিকার ও স্বজনহারা ব্যক্তিদের বক্তব্য শোনা হয়। তাদের সঙ্গে খেমাররুজ সরকারের মন্ত্রীদেরও বিচার শুরু হয়েছিল। খেমার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লেং সারি মারা যান। তাঁর স্ত্রী সাবেক সমাজবিষয়কমন্ত্রী লেং তিরিতকে বয়সজনিত কারণে অব্যাহতি দেওয়া হয়। প্রধান খেমাররুজ নেতা পল পট জঙ্গলে আত্মগোপনে থাকা অবস্থায় ১৯৯৮ সালে মারা যান।
অ্যামনেস্টির স্বাগত: দুই খেমাররুজ নেতার বিচারের রায় ন্যায়বিচারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রায়ের পর সংগঠনের এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের সহকারী পরিচালক রুপার্ট অ্যাবোট বলেন, খেমাররুজ শাসনে ক্ষতিগ্রস্তরা এর মাধ্যমে বহুপ্রত্যাশিত রায় পেলেন। অপরাধ করে নিষ্কৃতি না পাওয়ার ক্ষেত্রে এ রায় একটি দৃষ্টান্ত হয়ে রইল।