চিকিৎসকের বেশে হাসপাতালে হামলা, নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণ ও গুলির ঘটনার পর হাসপাতাল থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।  ছবি: রয়টার্স
বিস্ফোরণ ও গুলির ঘটনার পর হাসপাতাল থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ছবি: রয়টার্স

চিকিৎসকের পোশাক পরে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে আজ বুধবার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। আফগান কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, কথিত ইসলামিক স্টেট (আইএস) এ হামলার চালিয়েছে বলে দাবি করেছে।

কাবুলের মার্কিন দূতাবাসসংলগ্ন ওই হাসপাতাল ভবনে ঢুকেই হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রোগী ও হাসপাতালের কর্মীদের এ হতাহতের ঘটনা ঘটে। পরে হাসপাতালের ছাদ থেকে কমান্ডো হামলায় চার বন্দুকধারীর নিহত হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ দাবি করেছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ৪০০ শয্যাবিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের পেছনে একটি বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে হামলা শুরু হয়। এরপর চার হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। বন্দুকধারীরা ছিল চিকিৎসকের পোশাক পরা। তারা হাসপাতালের ওপরের তলাগুলোতে অবস্থান নেয়। সেখানে বিশেষ নিরাপত্তা বাহিনীর কয়েকটি ইউনিট পাঠানো হলে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

হাসপাতাল প্রশাসন এএফপিকে জানিয়েছে, বন্দুকধারীরা ল্যাবরেটরির সাদা পোশাকে হাসপাতালে ঢুকে এ হামলা চালায়। প্রশাসক আবদুল হাকিম টেলিফোনে এএফপিকে বলেন, ‘হামলাকারীরা সবখানেই গুলি করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’

কাবুলে এক সপ্তাহ আগে দুটি নিরাপত্তা কম্পাউন্ডে তালেবানের আত্মঘাতী হামলায় ১৬ জন নিহত হয়।