চিকিৎসার জন্য জার্মানিতে নাশিদ
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে। গত সপ্তাহে দেশটির রাজধানী মালেতে নিজের বাড়ির সামনে বিস্ফোরণে গুরুতর আহত হন নাশিদ।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৬ মে হামলার শিকার হওয়ার পর নাশিদকে আইসিইউতে নেওয়া হয়। টানা ১৬ ঘণ্টা অস্ত্রোপচার করে তাঁর ফুসফুসসহ শরীরের বিভিন্ন জায়গা থেকে ‘শার্পনেল’ বের করা হয়।
২০০৮ সালের ভোটে জয়ী হয়ে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন নাশিদ। চার বছরের মাথায় এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। নাশিদ বর্তমানে দেশটির পার্লামেন্টের স্পিকার।
তাঁর ওপর হামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদ্বীপের পুলিশ বলছে, এই হামলার সঙ্গে চরমপন্থী সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে। হামলায় জড়িত অন্য ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। হামলায় একজন ব্রিটিশ নাগরিকসহ আরও দুজন আহত হয়েছিলেন।
অবকাশ যাপনের জন্য মালদ্বীপ বেশ জনপ্রিয় একটি দেশ। তবে দেশটিতে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ধর্মীয় উগ্রবাদীদের তৎপরতা রয়েছে।