চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপন্ন প্রজাতির হরিণ সাইগা
বিপন্ন প্রজাতির হরিণ সাইগা

রোগে আক্রান্ত হয়ে মঙ্গোলিয়ায় সাইগা প্রজাতির দুই হাজারের বেশি হরিণ মারা গেছে। ওই রোগের কারণে বিপন্ন প্রজাতির হরিণগুলোর পুরো প্রজাতিই মঙ্গোলিয়া থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) বিজ্ঞানীরা বলেন, গৃহপালিত পশু থেকে পিপিআর নামের এই ভাইরাসঘটিত রোগ সাইগা হরিণের মধ্যে ছড়িয়েছে। রোগটি যে হারে বিস্তার লাভ করছে, তা ‘উদ্বেগজনক’। এরই মধ্যে প্রায় আড়াই হাজার সাইগা হরিণ মারা গেছে। রোগের বিস্তার রোধে মৃতদেহগুলো আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে।
সাইগা প্রজাতির হরিণ আইইউসিএন ঘোষিত বিলুপ্তির মারাত্মক ঝুঁকিতে থাকা লাল তালিকাভুক্ত বন্য প্রাণী। এগুলো তৃণভূমিভিত্তিক বাস্তুসংস্থানে বাস করে।
ডব্লিউসিএসের বিজ্ঞানী এংখুভশিন শিলেগডাম্বা বলেন, পিপিআর ভাইরাসের রোগটি অন্যান্য বন্য প্রাণীর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। কারণ, একই বাস্তুসংস্থানে আরও অনেক প্রজাতির প্রাণী বাস করে। বিশেষ করে বন্য ছাগল ও বড় শিংয়ের ভেড়ার মধ্যে রোগটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর এসব প্রাণী যদি এ রোগে আক্রান্ত হয়ে গণহারে মরতে থাকে, তবে শিকারের অভাবে বিলুপ্তির ঝুঁকিতে পড়বে স্নো লেপার্ড নামের দৃষ্টিনন্দন চিতা বাঘ। রোগটি যেন সুস্থ প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডব্লিউসিএস। এরই মধ্যে ওই অঞ্চলের সাইগা হরিণসহ যেসব প্রাণীর প্রজাতি এখনো রোগাক্রান্ত হয়নি, তাদের মধ্যে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে।