চীন-ইউক্রেন কূটনৈতিক বৈঠক, শান্তি আলোচনায় গুরুত্ব
ইউক্রেন সংকট নিরসনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গত সোমবার এই দুই শীর্ষ কূটনীতিকের মধ্যে টেলিফোনে কথা হয়। এমন সময়ে তাঁদের মধ্যে কথা হলো, যখন পশ্চিমা দেশগুলো ইউক্রেনে হামলার দায়ে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করছে। টেলিফোনে আলাপ প্রসঙ্গে ওয়াং ই বলেন, ইউক্রেন ইস্যুতে চীনের মূল লক্ষ্য হলো শান্তি আলোচনার ব্যবস্থা করা।
ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বেশ কয়েকটি শহরে সড়কে মরদেহ ও গণকবরের সন্ধানও মিলছে। এসব ঘটনার নিন্দা জানিয়ে যুদ্ধাপরাধের তদন্ত চাইছে পশ্চিমা বিশ্ব। তবে ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানায়নি চীন। তারা শান্তি আলোচনার ওপর জোর দিচ্ছে। এ ছাড়া হামলার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর বিস্তার প্রবণতাকেও দায়ী করছে চীন।
এদিকে ইউক্রেনে রাশিয়ার বর্বরতার অভিযোগে দেশটির ৪০ কূটনীতিককে বহিষ্কার করেছে জার্মানি। রুশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে বলেছে, জার্মানিতে রাশিয়ার কূটনৈতিক মিশনের ৪০ সদস্যকে দেশটি ত্যাগ করতে বলা হয়েছে। শুধু জার্মানি নয়, কূটনীতিক বহিষ্কার করছে ফ্রান্সও। দেশটির মন্ত্রিসভার একটি সূত্র বলেছে, তারা ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করবে।
এ ছাড়া রাশিয়ার ১৫ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। অপরদিকে রাশিয়ার ২৫ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। সুইডেনও রুশ কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
আর রুশ কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছে ইতালি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালি ৩০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।