চীন-ইরান সম্পর্কে 'নতুন অধ্যায়'

এক যুগেরও বেশি সময় ইরানের মাটিতে চীনের কোনো প্রেসিডেন্টের পা পড়েনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও ছিল খুবই সীমিত। শেষ পর্যন্ত গতকাল শনিবার ইরান সফর করে সেই ‘শীতল’ দ্বিপক্ষীয় সম্পর্কে উষ্ণতার ছোঁয়া দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর উপস্থিতিতে দুই দেশের মধ্যে ৬০ হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তিসহ ১৭ দফা চুক্তিতে সই হলো।
বৈঠক শেষে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং শি জিনপিং হাস্যোজ্জ্বলভাবে সংবাদ সম্মেলনে কথা বলেন। তাঁরা দুজনই এটিকে দুই দেশের সম্পর্কের ‘নতুন অধ্যায়’ বলে উল্লেখ করেন। খবর এএফপির।
পরমাণুবিষয়ক কার্যক্রম সীমিত করার চুক্তি মেনে চলায় ১৬ জানুয়ারি ইরানের ওপর থেকে চীনসহ ছয় বৃহৎ শক্তির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর জিনপিংয়ের তেহরান সফরকে ইরানের আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। জিনপিং ১৯ জানুয়ারি সৌদি আরব সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন। সৌদি থেকে মিসর হয়ে তিনি শুক্রবার তেহরানে পৌঁছান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রেসিডেন্ট শি জিনপিং ইরান সফরে আসায় আমরা খুবই খুশি।’ রুহানি বলেন, আগামী ১০ বছরে ইরান ও চীন ৬০ হাজার কোটি ডলারের বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে।
দুই দেশের মধ্যে অতীতের ‘সিল্ক রোড’ বাণিজ্যপথ পুনরায় চালু, শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি উৎপাদনে সহযোগিতা করাসহ ১৭ দফা চুক্তি স্বাক্ষরিত হয়। রুহানি বলেন, ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেনের সন্ত্রাস ও উগ্রবাদ নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যে চীনের গুরুত্বপূর্ণ অংশীদার। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশ সম্মত হয়েছে। গতকাল রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও শি জিনপিংয়ের দেখা করার কথা।
সৌদি আরবে কেরি: এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের আশ্বস্ত করতে সৌদি আরব যান। তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে বৈঠক করেন। পরে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে এক হয়ে কোনো কাজ করার ইচ্ছা তাঁর দেশের নেই। ইরান যে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র সজাগ আছে বলেই তাঁরা মনে করেন।
রয়টার্স আরও জানিয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ও সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সালের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। তবে জাভেদ জারিফ সৌদি প্রিন্সের সঙ্গে তাঁর বৈঠকের কথা অস্বীকার করেছেন। সৌদি প্রিন্সও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
সৌদি আরবে একজন শিয়া মুসলিম নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার জের ধরে সম্প্রতি ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।