চীন এখন বিশ্বের তৃতীয় অস্ত্র রপ্তানিকারক দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে চীন। অস্ত্রের পরিমাণের ভিত্তিতে বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (এসআইপিআরআই) নতুন একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ এবং ২০১৪ সালের ভেতরে চীন অস্ত্র রপ্তানিতে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে। এখন বিশ্বের মোট অস্ত্র রপ্তানির ৫ শতাংশ করছে চীন। দেশটি তার মোট রপ্তানির দুই-তৃতীয়াংশের বেশি অস্ত্র পাঠাচ্ছে এশিয়ার তিনটি দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমারে। এর মধ্যে পাকিস্তানে ৪১, বাংলাদেশে ১৬ ও মিয়ানমারে ১২ শতাংশ অস্ত্র রপ্তানি করে চীন।
এ পর্যন্ত তৃতীয় স্থানটি ছিল জার্মানির। চুক্তির অর্থমূল্যের ভিত্তিতে নয়, বরং প্রতিবেদনের এ ফল রপ্তানি করা অস্ত্রের মোট পরিমাণকেই প্রতিফলিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ পর্যন্ত আগের পাঁচ বছরে চীনের বড় ধরনের অস্ত্র রপ্তানির পরিমাণ বেড়েছে ১৪৩ শতাংশ। আর ওই সময়ের মধ্যে জার্মানির অস্ত্র রপ্তানির পরিমাণ কমেছে ৪৩ শতাংশ। ফ্রান্সের কমেছে ২৭ শতাংশ।
চীন বৈশ্বিক র্যাংকিংয়ে ভালো অবস্থানে এলেও রপ্তানির পরিমাণের দিক থেকে শীর্ষ দুই দেশ যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তুলনায় বিরাট ব্যবধানে পিছিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানির হার বিশ্বের মোট অস্ত্র রপ্তানির ৩১ শতাংশ। রাশিয়া বিক্রি করে থাকে ২৭ শতাংশ অস্ত্র।