চীন ও তুরস্কে দুর্নীতি বেড়েছে
চীন ও তুরস্কে দুর্নীতি বেড়েছে। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) বার্ষিক দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ তথ্য উঠে এসেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ১৭৫টি দেশকে অন্তর্ভুক্ত করে গতকাল বুধবার ২০১৪ সালের সিপিআই প্রকাশ করে টিআই।
টিআই বলছে, এবার সিপিআইয়ে চীন ও তুরস্কের ভরাডুবি হয়েছে।
দুর্নীতির সূচকে চীনের অবস্থান ১০০তম। গত বছর ছিল ৮০তম। ১০০-তে চীনের পয়েন্ট ৪০ থেকে কমে ৩৬ হয়েছে। অর্থাৎ, দেশটিতে দুর্নীতি বেড়েছে।
চলতি বছর সূচকে তুরস্কের অবস্থান ৬৪তম। গত বছর ছিল ৫৩তম। পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০ থেকে ৪৫। অর্থাৎ দেশটিতে দুর্নীতি বেড়েছে।
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। এরপর যথাক্রমে আছে নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে।
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে সোমালিয়া, উত্তর কোরিয়া, সুদান, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ইরাক প্রভৃতি দেশ।