চীন ও রাশিয়ার ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞায়
উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে গতকাল মঙ্গলবার চীন ও রাশিয়ার ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন এক বিবৃতিতে বলেন, গণবিধ্বংসী অস্ত্র তৈরি এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করতে উত্তর কোরিয়া যে অর্থ ব্যয় করছে, তা উপার্জনে চীন, রাশিয়া বা অন্য কোনো দেশের কোনো ব্যক্তি বা কোম্পানি সহযোগিতা করলে তা গ্রহণযোগ্য হতে পারে না।
একের পর এক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এ নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটনের জোর বাগ্বিতণ্ডা চলছে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ায় চলতি মাসে উত্তর কোরিয়ার ওপর জোরালো নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া ওই নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেয়।