চীন গেছেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার চীন গেছেন। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত প্রায় এক বছরের মধ্যে এটি পুতিনের তৃতীয় চীন সফর।
মস্কো ও বেইজিং তাদের সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী। এই প্রেক্ষাপটে পুতিনের চীন সফর তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সাম্প্রতিক সময়ে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে বেইজিং ও মস্কোর মধ্যকার উষ্ণ সম্পর্কের বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রচার করতে দেখা গেছে।
গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করা হয়। এই সাক্ষাৎকারে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভূয়সী প্রশংসা করেন পুতিন।
সাক্ষাৎকারে পুতিন বলেন, তাঁর সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যে মাত্রার সম্পর্ক, তেমনটা আর কোনো বিদেশি নেতার সঙ্গে নেই।
বিশেষজ্ঞরা বলছেন, পুতিন ও সি চিন পিং তাঁদের নিজ নিজ দেশের জনগণের পাশাপাশি সারা বিশ্বকেই মস্কো-বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি দেখাতে চান। এ কারণেই দুই দেশের গণমাধ্যমে রাশিয়া ও চীনের সুসম্পর্কের দিকটি গুরুত্ব পাচ্ছে।
পুতিন সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে চীন সফর করেন। তখন তিনি ব্রিকস সম্মেলনে যোগ দিতে চীন গিয়েছিলেন।
রুশ প্রেসিডেন্টের এবার চীন সফর তিন দিনের। এই সফরকালে তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন যোগ দেবেন। সম্মেলনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীরাও যোগ দেবেন।
চীন সফরকালে পুতিন ও সি চিন পিংয়ের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি দুই নেতা তাঁদের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করবেন বলে মনে করা হচ্ছে।