স্বাধীনতার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাইওয়ানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, চীন কখনোই তাইওয়ানকে আলাদা হতে দেবে না। তাঁর উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্সের।
১৮৯৫ সালে চীনের কিং সাম্রাজ্য জাপানের কাছে তাইওয়ানের দখল হারায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত তাইওয়ান জাপানের দখলেই ছিল। এ বিষয়টি উল্লেখ করে শি জিনপিং চীনের পার্লামেন্টের বার্ষিক সভায় সাংহাইয়ের প্রতিনিধিদের বলেন, ‘আমরা তাইওয়ানের সার্বভৌমত্ব ও অঞ্চলগত সংহতি বজায় রাখতে যেকোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডকে দমন করব এবং আলাদা হয়ে যাওয়ার ঐতিহাসিক ট্র্যাজেডি পুনরায় ঘটতে দেব না।’
স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানকে চীন তার অবাধ্য প্রদেশ হিসেবে বিবেচনা করে। গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে সাই ইং ওয়েন ও তাঁর দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করার পর থেকেই বেইজিং স্বাধীনতা অর্জনের জন্য যেকোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে দেশটিকে হুঁশিয়ার করে আসছে।