চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং বলেছেন, চীন-পাকিস্তান সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে থাকবে। গতকাল সোমবার ১৪ আগস্ট ইসলামাবাদে পাকিস্তানের ৭০তম স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে সলামাবাদের কনভেনশন সেন্টারে এক জনাকীর্ণ অনুষ্ঠানে পাকিস্তানকে অভিনন্দন জানান ওয়াং ইয়াং। অনেক কঠিন সময়ে পাকিস্তান ও চীন পরস্পরের পাশে দাঁড়িয়েছে, উল্লেখ করে তিনি বলেন, ‘এই সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে। আমাদের সম্পর্ক পাহাড়ের চেয়ে উঁচু, সাগরের চেয়ে গভীর, ইস্পাতের চেয়ে দৃঢ় এবং মধুর চেয়েও মিষ্টি।’
চীনের উপপ্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদারে চীন কাজ করবে।
চীনের উপপ্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান একটি প্রধান শক্তিতে পরিণত হয়েছে। আর চীনও ওয়ান বেল্ট, ওয়ান রোড (ওবিওআর) প্রকল্পের জন্য দেশটিকে প্রধান শক্তি বলে মনে করে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সহযোগিতা প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ হলো এই ওবিওআর। তিনি বলেন, প্রয়োজনের সময় দেশ দুটি ঠিকই একে অপরের পাশে দাঁড়িয়েছে। এ সময় তিনি তাঁর দেশের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পের সময় পাকিস্তানের সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওই সময় পাকিস্তানই প্রথম দেশ হিসেবে ভূমিকম্প-কবলিত এলাকার দুর্গত মানুষের জন্য হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল।
উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তান অনেক ত্যাগ স্বীকার করেছে এবং এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট মামনুন হোসেইন দেশটির জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় চীনের উপপ্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি। এর আগে কেন্দ্রীয় রাজধানীতে ৩১ বার এবং প্রাদেশিক রাজধানীগুলোতে ২১ বার করে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।