চীনকে একঘরে করে রাখার সময়ও পাশে ছিল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শি জিনপিং
শি জিনপিং

পুরোনো মিত্র পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পাকিস্তানি পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার বললেন, একটা সময় ছিল, যখন বিশ্বমঞ্চে চীনকে একঘরে করে রাখা হয়েছিল। সেই দুর্দিনেও বেইজিংয়ের পাশে ছিল ইসলামাবাদ। খবর ডনের।
পাকিস্তানে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে বেইজিংয়ে ফেরার আগে দেশটির পার্লামেন্টে বক্তব্য দেন শি জিনপিং।
চীনা প্রেসিডেন্ট বলেন, বেইজিং ও ইসলামাবাদ একে অপরকে নিবিড়ভাবে সহায়তা করে যাচ্ছে। দুই দেশই প্রয়োজনের সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে তিনি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হলে চীন ও পাকিস্তান যেভাবে একে অন্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে, তার উদাহরণ টানেন। জিনপিং বলেন, ‘চলতি বছর পাকিস্তানই প্রথম দেশ, যেখানে আমি সফর করলাম। আপনাদের দেশে এটা আমার প্রথম সফর। তবে পাকিস্তান আমার কাছে অপরিচিত কোনো দেশ নয়। দেশটি বড় আকারে সহায়তা করেছে। করেছে অনেক আত্মত্যাগ।’
ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী তৎপরতারও ভূয়সী প্রশংসা করেন চীনা প্রেসিডেন্ট।
পাকিস্তানের বিশৃঙ্খলাপূর্ণ কেন্দ্রশাসিত উপজাতীয় এলাকাগুলোর (এফএটিএ) উন্নয়ন ও পুনর্গঠনে চীন সহায়তা করবে বলেও আশ্বাস দেন জিনপিং। তিনি উল্লেখ করেন, পাকিস্তান অন্যতম প্রথম দেশ, যারা চীনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আর পাকিস্তানই প্রথম মুসলিম দেশ, যারা বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল।
শি জিনপিংকে খেতাব: চীনা প্রেসিডেন্টের সম্মানে পাকিস্তানি প্রেসিডেন্ট মামনুন হোসাইনের আয়োজিত মধ্যাহ্নভোজে জিনপিংকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘নিশান-ই-পাকিস্তান’ দেওয়া হয়।
দুদিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার ইসলামাবাদে যান চীনা প্রেসিডেন্ট।