
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীনের তৈরি কৃত্রিম দ্বীপ এলাকায় যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার একটি যুদ্ধজাহাজ পাঠায়। চীনের দাবি করা সমুদ্রসীমার কাছে মার্কিন যুদ্ধজাহাজের এ উপস্থিতিকে এশীয় পরাশক্তির বিরুদ্ধে বড় ধরনের প্রতীকী চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের এ কাজ ‘অবৈধ’ এবং এটি চীনের ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি’। দেশটি প্রতিবাদ জানাতে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তারা যা করেছে তা আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।
ইউএসএস লাসেন নামে যুক্তরাষ্ট্রের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারটি চীনের কৃত্রিম দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে অতিক্রম করে। কোনো দেশের প্রাকৃতিক দ্বীপের চারপাশে এটাই স্বাভাবিক সমুদ্রসীমা।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন রণতরীটি তাদের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে। বিষয়টি ‘সার্বভৌমত্বের জন্য হুমকি’ এবং বেইজিং যেকোনো উসকানিমূলক তৎপরতার জবাব দেবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন রণতরীকে সতর্ক করতে একটি ডেস্ট্রয়ার শ্রেণির জাহাজ ও একটি ফ্রিগেট পাঠানো হয়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার কৃত্রিম দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে যুদ্ধজাহাজ পাঠানোর কথা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বিল আরবান দক্ষিণ চীন সাগরে তাঁদের রণতরী পাঠানোর বিষয়টি আন্তর্জাতিক আইনে সিদ্ধ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, এটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়মিত কার্যক্রমের অংশ।
দক্ষিণ ও পূর্ব চীন সাগরের অধিকাংশ অঞ্চল নিজের বলে দাবি করে চীন। সেখানকার একাধিক দ্বীপের মালিকানা নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, ব্রুনেই, মালয়েশিয়া ও তাইওয়ানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ রয়েছে। । তাই খনিজ সম্পদে সমৃদ্ধ ওই এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে।
দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ আরোপ করার কোনো পরিকল্পনা বেইজিংয়ের নেই বলে প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসেই যুক্তরাষ্ট্রকে আশ্বাস দেন। তবে ওয়াশিংটন মনে করে, চীন সাগরের ওই অংশের দখল নেওয়ার উদ্দেশ্যে সেখানে সামরিক অবকাঠামো নির্মাণ করছে।
চীনের দাবি, তারা বেসামরিক উদ্দেশ্যেই দক্ষিণ চীন সাগরের ওই অংশ ভরাট করে দ্বীপ নির্মাণ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) সাহায্যে তোলা কিছু ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, সাগরের কয়েক লাখ বর্গমিটার এলাকা ভরাট করেছে চীন। দেশটি সেখানে সামরিক বিমান ওঠানামার ঘাঁটি করছে বলে যুক্তরাষ্ট্রের ধারণা।
সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের দক্ষিণ চীন সাগর বিশেষজ্ঞ আয়ান স্টরি বলেন, ‘ছোট জাহাজের পরিবর্তে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী রণতরী ব্যবহার করে যুক্তরাষ্ট্র ওই এলাকায় মার্কিন নজরদারি বাড়ানোর ব্যাপারে জোরালো বার্তা দিচ্ছে। এখন চীন কীভাবে জবাব দেয়, সেটাই দেখার বিষয়।’