ভারত মহাসাগরে অবস্থান করা চীনা নৌবাহিনীর জাহাজগুলো পাকিস্তানের গোয়াদার বন্দর ব্যবহার করতে পারবে। শ্রীলঙ্কার নতুন সরকার তাদের বন্দরে চীনা নৌবাহিনীর জাহাজ ভেড়ার অনুমতি না দেওয়ায় চীনকে এ বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে। খবর পিটিআইয়ের।
গোয়াদার বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া একটি চীনা প্রতিষ্ঠান এ ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবে বলে জানিয়েছে। ভারত মহাসাগরে মোতায়েন চীনা নৌবাহিনীর জাহাজগুলো রক্ষণাবেক্ষণ এবং তাদের রসদ সরবরাহের প্রয়োজনে ওই বন্দর ব্যবহার করা হবে।
প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার নতুন সরকার চীনা ডুবোজাহাজগুলোকে কলম্বোর বন্দরে ভিড়তে দেওয়ার ব্যাপারে পূর্বসূরি মাহিন্দা রাজাপক্ষের বিপরীত নীতি নিয়েছে। মূলত প্রভাবশালী প্রতিবেশী ভারতের উদ্বেগের পরিপ্রেক্ষিতেই সিরিসেনা এ সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হয়।
সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের দক্ষিণ এশিয়া অধ্যয়ন বিভাগের পরিচালক ঝাও গানচেং বলেন, গোয়াদার বন্দর চীনা নৌবাহিনীর জাহাজগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগটি চীনের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনা নৌবাহিনীর জন্য শ্রীলঙ্কার বন্দরগুলো ব্যবহার করার সম্ভাবনা যখন নেই।
ঝাও বলেন, গোয়াদার বন্দরটি ভারত মহাসাগরে চীনা পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে কাজ করবে। এতে চীনের ঝিনজিয়াং অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সুদূরপ্রসারী প্রভাব পড়বে।
ঝিনজিয়াংকে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্য দিয়ে গোয়াদারের সঙ্গে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডর তৈরি করার পরিকল্পনা রয়েছে। তবে বেলুচিস্তান অঞ্চলে সক্রিয় জঙ্গিবাদের কারণে ওই প্রকল্প ঝুঁকিপূর্ণ হতে পারে বলে চীনা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস জানায়, গোয়াদার বন্দর এলাকায় কিছু প্রতিবন্ধকতা রয়েছে। যেমন: বিপুলসংখ্যক শ্রমিকের জন্য পর্যাপ্ত পানি, আবাসন, পরিবহন এবং অন্যান্য সুযোগ-সুবিধার অভাব।
সাংহাই মিউনিসিপ্যাল সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ ওয়াং দেহুয়া ২০০৭ সাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গোয়াদার বন্দর পরিদর্শন করেছেন। তিনি বলেন, মহাসড়ক, রেলপথ এবং পাইপলাইন নির্মাণের বিস্তারিত পরিকল্পনাগুলো দ্বিতীয় ধাপে রয়েছে। এ ধরনের অবকাঠামো নির্মাণে বিভিন্ন ঝুঁকি ও প্রতিবন্ধকতা রয়েছে। কারণ, এলাকাটি উঁচু পর্বতে ঘেরা। জঙ্গি তৎপরতার কারণে সেখানকার নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
গোয়াদার বন্দরটি একটি চীনা প্রতিষ্ঠানের পরিচালনায় চলতি মাসেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। আর এটি হবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।