চীনা প্রভাব মোকাবিলায় মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসে গত মঙ্গলবার নৈশভোজের আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা l এএফপি
হোয়াইট হাউসে গত মঙ্গলবার নৈশভোজের আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা l এএফপি

চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। নতুন নতুন হুমকি মোকাবিলায় যৌথ সামরিক তৎপরতা বৃদ্ধির ওপরেও জোর দিয়েছেন দুই নেতা। আবের ওয়াশিংটন সফরকালে দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
গতকাল বুধবার মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের এক যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা আবের। তিনিই প্রথম জাপানি প্রধানমন্ত্রী, যিনি সেখানে ভাষণ দেবেন।
দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীনের সাম্প্রতিক তৎপরতায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও জাপান উভয়ই। ওয়াশিংটনে দুই নেতার বক্তব্যে ফুটে উঠল তারই চিত্র। সাগর দুটির বিরোধপূর্ণ জলসীমার ভেতরে নতুন দ্বীপ বানানো এবং বিরোধপূর্ণ কিছু এলাকাকে নিজেদের বলে দাবি করার মাধ্যমে চীন ‘তাদের পেশি সম্প্রসারিত করছে’ বলে অভিযোগ করলেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, ‘সমুদ্র এলাকায় চীনের তৎপরতা নিয়ে বেশ কিছু প্রকৃত উত্তেজনা সৃষ্টি হয়েছে।’ ওবামা জোর দিয়ে বললেন, জাপানের প্রতিরক্ষার প্রতি যুক্তরাষ্ট্র ‘সত্যিকার অর্থে’ প্রতিশ্রুতিবদ্ধ। ‘সেনকাকু দ্বীপপুঞ্জসহ জাপানের অধীনে থাকা সব ভূখণ্ড’ এই প্রতিশ্রুতির আওতাভুক্ত।
পূর্ব চীন সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জটি জাপানিদের কাছে ‘সেনকাকু’ হলেও এটি চীনাদের কাছে ‘দিয়াওউ’ নামে পরিচিত। এর পূর্ণ মালিকানা দাবি করে থাকে বেইজিং। আবের সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত একটি চুক্তির ফলে এই প্রথম জাপান বিরোধপূর্ণ এসব দ্বীপের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা নিশ্চয়তা পাবে।
আবের ওয়াশিংটন সফরকালে আরেকটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। তিনি ও ওবামা একটি আন্তপ্রশান্ত মহাসাগরীয় বাণিজ্যিক চুক্তি এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন। এই চুক্তি হবে ১২টি দেশের মধ্যে, যারা বিশ্বের ৪০ শতাংশ অর্থনীতিকে প্রতিনিধিত্ব করে থাকে। চীনকে বাইরে রেখে এই চুক্তি করা হচ্ছে।