চীনা প্রমোদতরি থেকে আরও কয়েক শ লাশ উদ্ধার
চীনের ইয়াংজি নদীতে ডুবে যাওয়া প্রমোদতরি ইস্টার্ন স্টার থেকে আরও প্রায় ৩০০ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে নিশ্চিতভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ জনে। গতকাল শনিবারও নিখোঁজ ছিল ৪০ জনের বেশি। খবর এএফপি ও রয়টার্সের।
গত সোমবার রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায় ইস্টার্ন স্টার। ২৫০ ফুট লম্বা নৌযানটিতে ৪৫৬ জন আরোহী ছিলেন। এঁদের বেশির ভাগই ৬০ বছরের বেশি বয়স্ক পর্যটক। প্রমোদতরিটি পূর্ব চীনের নানজিং থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চোংকিংয়ে যাচ্ছিল। এর ক্যাপ্টেনসহ মাত্র ১৪ জন আরোহী জীবিত উদ্ধার হয়েছেন। চীনে গত প্রায় ৭০ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় নৌ-দুর্ঘটনা।
নৌযানটি গত শুক্রবার ভাসিয়ে তোলার পর উদ্ধারকর্মীরা কেবিনে কেবিনে তল্লাশি শুরু করেন। গতকালও তল্লাশি চলছিল। তখনো ৪৬ আরোহী নিখোঁজ ছিলেন। তবে চীনা সরকারের একজন মুখপাত্র গত বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিলেন, তাঁরা আর কাউকে জীবিত উদ্ধারের আশা করছেন না।