চীনা ফার্স্ট লেডির গায়ে শাল জড়িয়ে বিতর্কে পুতিন

বেইজিংয়ে চলমান অ্যাপেক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনা চলছে। শীতের রাত। কনকনে ঠান্ডা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা শাল জড়িয়ে দিলেন চীনের ফার্স্ট লেডি পেনং লিইউয়ানের গায়ে। কিন্তু পুতিনের এই সাহস আর উদ্যম কোনো সাড়া জাগায়নি জিনপিংয়ের মধ্যে। তিনি ছিলেন নিরুত্তাপ। তবে চীনজুড়ে এ ঘটনা উত্তাপ ছড়াতে সময় লাগেনি।
আজ বুধবার এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, অ্যাপেকে যোগ দেওয়া অতিথিদের জন্য আয়োজন করা অনুষ্ঠানে সবাই বেশ খোশ মেজাজে গল্প করছিলেন। চীনের প্রসিডেন্ট শি জিনপিং কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে। পাশেই চীনের ফার্স্ট লেডি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করে পুতিন লক্ষ করলেন, চীনা ফার্স্ট লেডি ঠান্ডার কারণে একটু গুটিয়ে আছেন। তখন তিনি ফার্স্ট লেডি লিইউয়ানের গায়ে একটি শাল জড়িয়ে দেন।
আর এতেই ঘটে গেল বিপত্তি। মারদাঙ্গা ভাবমূর্তির অধিকারী পুতিন এমনিতেই চীনের নারীদের কাছে জনপ্রিয়। তার ওপর তিনি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটনায় এখন একলা জীবন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে চীনা ফার্স্ট লেডির সঙ্গে এমন আচরণ চীনাদের হজম করতে একটু কষ্ট হচ্ছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সিসিটিভিতে অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছিল। সেখান থেকে নেওয়া ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চীনা কর্তৃপক্ষ দ্রুত এগুলো ইন্টারনেট থেকে সরিয়ে নেয়। বৈশ্বিক সংস্কৃতিতে চীনের ফার্স্ট লেডির প্রতি পুতিনের এমন আচরণ সাধারণ সৌজন্যের বিষয় হলেও চীন এসব বিষয়ে বেশ রক্ষণশীল।
বেইজিং-ভিত্তিক ইতিহাসবিদ ও স্বাধীন ভাষ্যকার ঝেং লিফান বলেন, অপরিচিত নারী ও পুরুষের মধ্যে জনসমক্ষে কুশল আদান-প্রদানের আচরণের ব্যাপারে চীন একটু রক্ষণশীল। পুতিনের এ কাজটি হয়তো রসিকতারই অংশ, তবে অন্যরা বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি।
চীনের ফার্স্ট লেডি লিইউয়ান একসময় দেশটির জনপ্রিয় লোকগীতি শিল্পী ছিলেন। তিনি তাঁর রাজনীতিবিদ স্বামীর চেয়েও বেশি জনপ্রিয় বলে বিবেচিত। শি জিনপিং প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ফার্স্ট লেডি জনহিতকর কাজে বেশি যুক্ত হয়ে পড়েছেন।
জিনপিং-লিইউয়ান জুটিকে আদর্শ ও সুখী দম্পতি হিসেবে চীনের গণমাধ্যমে উপস্থাপন করা হয়। কিন্তু পুতিনের এমন আচরণের পর জনমনে একটু সন্দেহ দেখা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রচারিত ভিডিওতে দেখা গেছে, পুতিন ফার্স্ট লেডিকে শাল জড়িয়ে দিচ্ছেন। ফার্স্ট লেডি তা সাদরে গ্রহণ করে কিছুটা মাথা ঝুঁকিয়ে পুতিনকে ধন্যবাদ জানান। সঙ্গে সঙ্গে ফার্স্ট লেডির ব্যক্তিগত সহকারীরা তাঁকে একটি শীতের কাপড় দিলে তিনি ওই শালটি সরিয়ে তা গায়ে পরে নেন।