চীনা বিনিয়োগ টানতে কুশনার পরিবারের ভিসার প্রস্তাব
চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসার প্রস্তাব দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পরিবার। আবাসন ব্যবসায় যুক্ত পরিবারটি তাদের নতুন এক প্রকল্পের জন্য ১৫ কোটি ডলার ইবি-৫ ভিসার আওতায় সংগ্রহ করতে চাইছে।
কুশনারের পরিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি বিলাসবহুল আবাসন প্রকল্প শুরু করেছে। এখন এই প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। তহবিল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ইবি-৫ ভিসার ব্যাপারে দেশটির বিত্তশালীদের উৎসাহিত করা হয়। ইবি-৫ ভিসার আওতায় কোনো বিদেশি বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ বা তার বেশি মার্কিন ডলার বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখলে গ্রিন কার্ড পাবেন।
কুশনার পরিবারের এই প্রস্তাব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, জ্যারেড কুশনার প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হওয়ায় তাঁর ব্যবসায়িক কার্যক্রম স্বার্থের সংঘাত সৃষ্টি করবে।