চীনা রণতরি কিনতে 'বিশেষ' চুক্তি করল মালয়েশিয়া
চীনের কাছ থেকে মালয়েশিয়া চারটি যুদ্ধজাহাজ কিনবে। এ-সংক্রান্ত এক ‘বিশেষ’ প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের পর দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ কথা জানিয়েছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে কিছুটা দূরে সরে গিয়ে মালয়েশিয়া নিজেদের কৌশলগত অবস্থান বদলের ইঙ্গিত দিল।
বেইজিংয়ের কাছ থেকে কুয়ালালামপুর এই প্রথম কোনো রণতরি কিনতে যাচ্ছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে চীন সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘ছিন্ন’ করার ঘোষণা দেওয়ার দুই সপ্তাহ পরই মালয়েশিয়া তাদের চুক্তির কথা জানাল। প্রেসিডেন্ট নাজিব রাজাক সপ্তাহব্যাপী সফরে চীনে রয়েছেন।
চায়না ডেইলি পত্রিকায় গতকাল বুধবার প্রকাশিত এক নিবন্ধে নাজিব রাজাক লিখেছেন, বেইজিংয়ের সঙ্গে ওই চুক্তির আওতায় মালয়েশিয়ায় দুটি এবং চীনে বাকি দুটি যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে।
মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টার লিখেছে, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে মঙ্গলবার বৈঠকের পর রাজাক বলেন, চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির সিদ্ধান্তটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, মালয়েশিয়া আগে কখনো চীনের কাছ থেকে রণতরি কেনেনি।
মালয়েশিয়া এত দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনত।