চীনা সিল্কের জবাবে ভারতের কটন রুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ভারত ‘কটন রুট’ কৌশলের আশ্রয় নিতে যাচ্ছে। চীনের ‘সিল্ক রোড’ অর্থনৈতিক কৌশলের বিপরীতেই এই নতুন কর্মপরিকল্পনা শুরু করেছে তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত। খবর ইকোনমিক টাইমস- এর।
গত শুক্রবার শেষ হওয়া ‘ভারত ও ভারত মহাসাগর: সমুদ্রপথে বাণিজ্য এবং সভ্যতার পরম্পরার সম্পর্কের বিনির্মাণ’ শীর্ষক এক সম্মেলনে ‘কটন রুটের’ নতুন ধারণাটি তুলে ধরা হয়। ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারত ইতিমধ্যে কয়েকবারই বলেছে, ভারত মহাসাগরে চীনের উপস্থিতি তাদের কাছে মোটেও কাঙ্ক্ষিত নয়। ভারত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহের বার্তা দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিন কয়েক আগেই শ্রীলঙ্কা, মরিশাস এবং সেশেলস সফর সেরে এসেছেন। সিল্ক রুট কৌশলের মাধ্যমে চীন কেবল সড়কপথেই নয়, সমুদ্রপথেও এসব দেশের সঙ্গে সম্পর্ক তৈরিতে সচেষ্ট।
সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেন, ‘এসব দেশের সঙ্গে আমাদের সম্পর্কের ভিত্তি অহিংসার প্রতি আমাদের সম্মিলিত বিশ্বাস। তবে শক্তির মাধ্যমেও সেই ঐক্যের জানান দিতে হবে।’
পারিকর বলেন, সমুদ্রপথে নিরাপত্তার হুমকি সব সময় একরকম থাকে না। সোমালী জলদস্যুরা এখন ভারতের দিকে এগোচ্ছে বলে সতর্ক করে দেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমাদের ৯০ শতাংশ বাণিজ্য এবং ৯০ শতাংশ তেল আমদানি সমুদ্রপথেই হয়।’