চীনের সেনাবাহিনীর কাঠামোয় পরিবর্তন এসেছে। গঠন করা হয়েছে গুরুত্বপূর্ণ তিনটি ইউনিট। প্রেসিডেন্ট শি জিনপিং এই পরিবর্তনকে দেশটির জনগণের ‘শক্তিশালী সেনাবাহিনীর স্বপ্ন বাস্তবায়নে একটি প্রধান নীতিগত সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
এ বছরের প্রথম দিন নতুন তিনটি সেনা ইউনিট গঠনের পাশাপাশি বেইজিং ঘোষণা করেছে, তারা দ্বিতীয় বিমানবাহী রণতরি তৈরি করছে। চীনের প্রেসিডেন্ট ও দেশটির কেন্দ্রীয় সেনা কমিশনের সভাপতি শি জিনপিং ওই দিন এক অনুষ্ঠানে নতুন ওই পরিকল্পনার ঘোষণা দেন।
বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরে প্রতিবেশী কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূখণ্ডগত বিরোধ মোকাবিলায় আরও আক্রমণাত্মকভাবে তৎপরতা চালানোর ইঙ্গিত দিচ্ছে চীন। পূর্ব চীন সাগরে বিশেষত জাপান ও দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ চলছে বেইজিংয়ের।
সেনাবাহিনীতে কেন এই পরিবর্তন, সে বিষয়ে সাংহাই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিভাগের অধ্যাপক নি লেক্সিঅং বলছেন, সেনাবাহিনীর আধুনিকায়নই সর্বশেষ পদক্ষেপের লক্ষ্য, ‘দীর্ঘ সময় ধরে চীনের কোনো বৈদেশিক স্বার্থ ছিল না। নৌ, বিমান এবং গাইডেড মিসাইল ইউনিট ছিল সেনাবাহিনীর তুলনায় দুর্বল। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্ষমতার নাগাল ধরতে চীনকে অবশ্যই তার সেনাবাহিনীর আধুনিকায়নের পর্যায়কে এগিয়ে নিতে হবে। বাড়াতে হবে সেনাবাহিনীর যুদ্ধশক্তি।’
পরিবর্তনের পরিকল্পনার ঘোষণা অবশ্য আগেই দিয়েছিল বেইজিং। গত নভেম্বরে (২০১৫) ঘোষণা আসে, এই পরিবর্তনের উদ্দেশ্য পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওপর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ জোরদার করা।
এর আগেই প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি কমিউনিস্ট পার্টির প্রধান এবং একই সঙ্গে সেনাবাহিনীর প্রধানও বটে, সেনাবাহিনীর সদস্যসংখ্যা তিন লাখ কমিয়ে দুই মিলিয়ন বা ২০ লাখে নিয়ে একে একটি দক্ষ বাহিনী হিসেবে গড়ার ঘোষণা দেন।
খবরে প্রকাশিত তথ্যমতে, নবগঠিত তিনটি ইউনিটের একটি ‘রকেট ফোর্স’। এর দায়িত্ব হবে, চীনের কৌশলগত ক্ষেপণাস্ত্রগুলোর ভান্ডার নজরদারি করা। সে দেশের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানাচ্ছে, এই ইউনিটের কাজ হবে প্রচলিত ও পরমাণু অস্ত্রসম্ভারের ব্যবস্থাপনা। এসব অস্ত্রের হামলা রুখে দেওয়া এবং এগুলো দিয়ে হামলা চালানো—উভয় সামর্থ্যই থাকবে ইউনিটটির। দ্বিতীয়টি হলো, সেনাবাহিনীর একটি জেনারেল কমান্ড ইউনিট। স্থলবাহিনীর সদর দপ্তরের ভূমিকা পালনই হবে এর কাজ। আর তৃতীয়টি হবে একটি সহযোগী ইউনিট। এটি যোদ্ধা সেনাদের সহায়তা করবে।
শি জিনপিং এই তিন নতুন সংগঠনের ঘোষণা দিয়েছেন বটে, তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইয়ুজুন ওই দিনই (১ জানুয়ারি) পরমাণুনীতিতে কোনো ধরনের পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছেন।
১ জানুয়ারি সেনাসংখ্যায় কাটছাঁট এবং যোদ্ধা সেনাদের দক্ষতা উন্নত করে ২০২০ সালের মধ্যে একটি আধুনিক সেনাবাহিনী গঠনে চীনের লক্ষ্য পূরণে সহায়তার গাইডলাইনও প্রকাশ করেন শি জিনপিং।
এদিকে দ্বিতীয় বিমানবাহী রণতরি তৈরি করে চীন তার নৌসামর্থ্যও বাড়াচ্ছে। দেশটির প্রথম বিমানবাহী রণতরির নাম লিয়াওনিং। ব্যবহৃত এই সোভিয়েত নৌযানটি ২৫ বছরেরও বেশি সময় আগে তৈরি। ব্যাপকভিত্তিক সংস্কারের পর চীন এটি কমিশনড করে ২০১২ সালে।
বিশাল দেশ চীনের সেনাবাহিনীতে এই পরিবর্তন কেন, সে প্রশ্নের কিছুটা জবাব মিলছে গ্লোবাল টাইমস-এর সম্পাদকীয়তেও। জাতীয়তাবাদী সম্পাদকীয় অবস্থানের জন্য পরিচিত এই পত্রিকাটি ২ জানুয়ারির সম্পাদকীয়তে লিখেছে, নতুন (বৈশ্বিক) অবস্থায় চীনের একটি শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন। যুক্তরাষ্ট্র এর অন্যতম কারণ।
পত্রিকাটির ব্যাখ্যা, ‘সেনাবাহিনীর বিক্রম-শৌর্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যদি ব্যবধান বেশি হয়ে যায়, এটা দেশটির আন্তর্জাতিক অবস্থানকে প্রভাবিত করবে। ছাপ ফেলবে চীনের প্রতি অন্য দেশগুলোর আচরণের ওপরও।’