
সীমান্তসংলগ্ন অরুণাচল প্রদেশে ভারতের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তবে ভারত বলেছে, এ বিষয়ে চীনের কোনো আপত্তি তারা শুনবে না।
এ মাসের প্রথম দিকে ভারতের মন্ত্রিসভা অরুণাচলে উন্নততর ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মোতায়েনের জন্য সেখানে একটি রেজিমেন্ট স্থাপনের প্রস্তাব অনুমোদন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সভায় সভাপতিত্ব করেন। ব্রহ্মসের মান উন্নয়নে ৪ হাজার ৩০০ কোটির বেশি ভারতীয় রুপি খরচ হয়েছে।
চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে গত সোমবার এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। সেখানে বলা হয়, ভারত সীমান্তে যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে, তা অপ্রয়োজনীয়। এর ফলে চীনের তিব্বত ও ইউনান প্রদেশে বড় ধরনের হুমকি সৃষ্টি হয়েছে।
চীনা সেনাবাহিনীর মুখপত্রে আরও বলা হয়, ব্রহ্মস মোতায়েনের সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা ও দ্বন্দ্ব আরও বাড়বে। এর নেতিবাচক প্রভাব পড়বে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর। এতে এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে। ব্রহ্মস ছাড়াও সীমান্তে সুখোই-৩০-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টিও উল্লেখ করা হয় মুখপত্রে।
তবে চীনের এ ক্ষুব্ধ প্রতিক্রিয়ার বিষয়ে ভারত বিচলিত হবে না বলেই জানিয়েছে দেশটির সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ সূত্র। সূত্র জানায়, আমাদের হুমকির ধারণা এবং নিরাপত্তা বিষয়ে উদ্বেগ একান্তই নিজস্ব। আর এসব হুমকি মোকাবিলায় আমরা আমাদের ভূখণ্ডে যা ব্যবস্থা নেব, তার জন্য অন্য কারও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
২০০৭ সালে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয় অত্যাধুনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্র ডুবোজাহাজ, জাহাজ, উড়োজাহাজ এবং ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য। এটি ৩০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। সাগর ও ভূমির লক্ষ্যবস্তুতেও ব্রহ্মস আঘাত হানতে পারে। অত্যাধুনিক ব্রহ্মসের বহরে এবার যুক্ত হয়েছে আরও ১০০ ক্ষেপণাস্ত্র, ৫টি ভ্রাম্যমাণ লঞ্চার ও বড় আকারের বেশ কিছু ট্রাক।
চীন ভারতের অরুণাচল প্রদেশের একটি অংশকে নিজেদের বলে দাবি করে। দুটি দেশই ওই সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আছে সীমান্তে সড়ক এবং উঁচু পাহাড়ি অবস্থানের উপযোগী বিমানবন্দর নির্মাণ।