চীনে অফিস খুলতে তৎপর ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংহাইয়ে নতুন অফিস খুলতে চায় ফেসবুক। ছবি: রয়টার্স
সাংহাইয়ে নতুন অফিস খুলতে চায় ফেসবুক। ছবি: রয়টার্স

চীনে এক দশক ধরেই বন্ধ সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। এবার ফেসবুক নতুন পরিকল্পনা শুরু করেছে। চীনা কর্তৃপক্ষের অনুমতি পেলে সাংহাইয়ে হার্ডওয়্যার তৈরির জন্য অফিস খুলতে চায় ফেসবুক।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়, সাংহাইয়ে নতুন অফিস স্থাপনে চীন সরকারের কাছে অনুমতি চেয়েছে ফেসবুক। এর মধ্য দিয়ে চীনের বাজারে প্রবেশ করতে পারবে ফেসবুক।

ফেসবুকের একজন মুখপাত্র সংবাদমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা অনেক আগে থেকেই চীনকে নিয়ে আগ্রহী। আমরা সব সময় দেশটি সম্পর্কে বুঝতে এবং শিখতে চাই।’

সাংহাইয়ে অফিস স্থাপনের অনুমতি পেলে চীনের বাজারে প্রবেশ করতে পারবে ফেসবুক। ছবি: রয়টার্স
সাংহাইয়ে অফিস স্থাপনের অনুমতি পেলে চীনের বাজারে প্রবেশ করতে পারবে ফেসবুক। ছবি: রয়টার্স

চীনাদের কাছে অতটা জনপ্রিয় না হওয়ায় ফেসবুক কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। চীন ফেসবুকের জন্য একটি বড় বাজার। কারণ বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনে অনলাইন ব্যবহারকারীদের জনসংখ্যাও বিশ্বের অন্য দেশের চেয়ে বেশি। এ বছরের শুরুর দিকে ফেসবুক চীনের ছোট একটি স্থানীয় কোম্পানির মাধ্যমে তাদের ছবির একটি অ্যাপ্লিকেশনের চীনা সংস্করণ বাজারে ছেড়েছে।

জানা গেছে, সাংহাইয়ে অফিস স্থাপনের অনুমতি পেলে সেখানে প্রথমে ফেসবুকের বিল্ডিং-৮-এর কিছু কর্মকর্তা কাজ করবেন।

২০১৫ সালে দেশটির বেইজিংয়ে অফিস স্থাপনের জন্য আবেদন করেছিল ফেসবুক। নানা জটিলতার কারণে অফিস স্থাপন করতে পারেনি ফেসবুক।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘দাঙ্গা’র পর ফেসবুক বন্ধ করে দেওয়া হয় চীনে। তথ্যসূত্র: এনডিটিভি ও নিউইয়র্ক টাইমস।