চীনে অভূতপূর্ব সামরিক কুচকাওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০তম বার্ষিকীতে আজ বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: রয়টার্স
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০তম বার্ষিকীতে আজ বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: রয়টার্স

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে রাজধানী বেইজিংয়ে অভূতপূর্ব সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন। এর মধ্য দিয়ে দেশটি নিজেদের সামরিক সক্ষমতাও প্রদর্শন করল। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


উদ্বোধনী ভাষণে চীনা জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে তিনি দেশটির সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমানোরও কথা বলেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৩০টির বেশি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুনও ছিলেন। তবে জাপানের প্রধানমন্ত্রী এবং অনেক পশ্চিমা নেতা এই অনুষ্ঠানে যোগ দেননি।

তিয়েনআনমেন স্কয়ারে এই কুচকাওয়াজে দেশটির ১২ হাজার সেনা অংশ নেন। এতে প্রদর্শন করা হয় সামরিক বিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্র। এসব অস্ত্রের ৮০ ভাগের বেশি এই প্রথম এভাবে প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য।