চীনে করোনাভাইরাস সামলাতে চিকিৎসকদের দিনরাত একাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে নিজের ডেস্কেই ঘুমিয়ে নিচ্ছেন এক চিকিৎসক।  ছবি: চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবু থেকে সংগৃহীত
হাসপাতালে নিজের ডেস্কেই ঘুমিয়ে নিচ্ছেন এক চিকিৎসক। ছবি: চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবু থেকে সংগৃহীত

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চীনের চিকিৎসকদের। অবস্থা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, রাতে ঘুমানোর জন্য বাড়ি যাওয়ার ফুরসতও মিলছে না অনেক চিকিৎসকের। ফলে বাধ্য হয়ে হাসপাতালের চেয়ার, বেঞ্চ এমনকি মেঝেতেও ঘুমিয়ে নিচ্ছেন অনেক চিকিৎসক।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের হাসপাতালে ঘুমানোর বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, বিশেষ পোশাক ও মাস্ক পরিহিত অবস্থায়ই ৮ জন চিকিৎসক হাসপাতালের মেঝেতে পাশাপাশি ঘুমাচ্ছেন। আরও বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, রোগীর চাপে ক্লান্ত হয়ে পড়া চিকিৎসকেরা বাসায় যাওয়ার সুযোগ না পেয়ে নিজের ডেস্ক এবং বেঞ্চেই ঘুমাচ্ছেন।

ক্লান্ত হয়ে হাসপাতালের মেঝেতেই ঘুমাচ্ছেন আট চিকিৎসক। ছবি: চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবু থেকে সংগৃহীত
ক্লান্ত হয়ে হাসপাতালের মেঝেতেই ঘুমাচ্ছেন আট চিকিৎসক। ছবি: চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবু থেকে সংগৃহীত

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন এত রোগীদের চিকিৎসা দেওয়ার চাপ থাকলেও নিজেদের দায়িত্বে এতটুকু ছাড় দিচ্ছেন না দেশটির চিকিৎসক ও নার্সরা। নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন। অনেকে টানা ২৮-৩০ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন। এরই মধ্যে দেশটিতে জাতীয় বীরের মর্যাদা পেয়েছেন তাঁরা। এক চিকিৎসক বিজনেস ইনসাইডারকে বলেছেন, ‘হাসপাতালগুলো রোগীতে ভরে গেছে। হাজার হাজার রোগী হাসপাতালগুলোতে ভর্তি আছেন। আমি কখনো হাসপাতালে একসঙ্গে এত রোগী দেখিনি।’

চীনের বিশাল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা বেশ কম। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, চীনে প্রতি ১০ হাজার মানুষের জন্য গড়ে মাত্র দুজন চিকিৎসক আছেন। উহানে চিকিৎসক সংকট দেখা দেওয়ায় অন্য প্রদেশগুলো থেকেও ৬ হাজারের বেশি চিকিৎসক উহানের হাসপাতালগুলোতে এসে চিকিৎসাসেবা দিচ্ছেন। আরও চিকিৎসকের উহানে যাওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন। ছবি: এএফপি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন। ছবি: এএফপি

এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে মারা গেছেন চীনা চিকিৎসক লি ওয়েনলিয়াং। প্রাণঘাতী এই ভাইরাসের ব্যাপারে তিনিই সর্বপ্রথম সতর্ক করেছিলেন। গত ৩০ ডিসেম্বর লি একটি চ্যাট গ্রুপে বার্তা দিয়ে তাঁর সহকর্মী চিকিৎসকদের ভাইরাসটির ব্যাপারে সতর্ক করেন। উহানে সাত ব্যক্তির মধ্যে একটি ভাইরাসের সংক্রমণ দেখতে পেয়েছিলেন লি। ভাইরাসটি তাঁর কাছে সার্সের মতো মনে হয়েছিল।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেবল চীনেই মারা গেছেন ৬৩৬ জন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩১ হাজার ১৬১ জন।