প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের পূর্বাঞ্চলে একটি জুতার কারখানার ভবন ধসে ১১ ব্যক্তির প্রাণহানি হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৩৩ জন। গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ও টেলিভিশন চ্যানেল সিসিটিভির খবরে বলা হয়, ঝিজিয়াং প্রদেশের ওয়েনলিং শহরে অবস্থিত ওই ভবনটি গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ধসে পড়ার সময় ভেতরে ৫০ জনের বেশি কর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে, যাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এর বাইরে নয়জন অক্ষত অবস্থায় বের হয়ে আসতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। চীনে প্রায়ই ভবন ধস বা অন্যান্য শিল্প দুর্ঘটনা ঘটে থাকে।
এএফপি