চীনে জিকা সংক্রমিত ব্যক্তি শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে প্রথমবারের মতো জিকা ভাইরাসে সংক্রমিত এক ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। ৩৪ বছর বয়সী ওই পুরুষ সম্প্রতি লাতিন আমেরিকায় গিয়েছিলেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন বলছে, সংক্রমিত ব্যক্তির বাড়ি পূর্বাঞ্চলীয় জিয়াংজি প্রদেশের গানজিয়ান কাউন্টিতে।

চীনা কর্তৃপক্ষ বলছে, জন্মশহরের একটি হাসপাতালে ওই ব্যক্তিকে আলাদাভাবে রাখা হয়েছে। তিনি স্বাভাবিকভাবে সেরে উঠছেন।

সংক্রমিত ব্যক্তি সম্প্রতি ভেনেজুয়েলায় গিয়েছিলেন বলে বলা হচ্ছে।

চীনা কর্তৃপক্ষ বলছে, শীতের ঠান্ডার কারণে তাদের দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।

এখন পর্যন্ত আমেরিকা অঞ্চলেই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। অঞ্চলটির দেশগুলোতে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে শিশু জন্মের সংখ্যা বেড়ে চলেছে। এ জন্য জিকা ভাইরাস দায়ী বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায় বলে এত দিন বলে আসছিলেন বিজ্ঞানীরা। তবে যৌন সংসর্গের মাধ্যমেও তা ছড়ানোর বিরল ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
ব্রাজিলসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।