চীনে টর্নেডোয় ৯৮ জনের মৃত্যু

চীনের জিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহরে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রলয়ংকরী টর্নেডো আঘাত হেনেছে। এতে আজ শুক্রবার সকাল পর্যন্ত কমপক্ষে ৯৮ জন মারা গেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহত হয়েছে ৮০০ জনের বেশি। মৃত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার সিনহুয়ার বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, হতাহত ব্যক্তিদের উদ্ধারে জরুরি সহাযতা চাওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকাজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এটি উপকূলীয় প্রদেশ জিয়াংসুতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দুর্যোগের ঘটনাগুলোর একটি।
টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হচ্ছে ফুনিং। সেখানকার বাসিন্দা সুন ইয়াজহাউ কংক্রিট মেশানোর ট্রাক চালান। তিনি জানান, টর্নেডো বয়ে যাওয়ার সময় তিনি ওই ট্রাক চালাচ্ছিলেন। প্রচণ্ড বাতাসের তোড়ে ট্রাকের জানালা সব উড়ে যায়। আকাশ তখন কালো হয়ে গিয়েছিল। কিন্তু অপেক্ষা করা ছাড়া তাঁর আর কোথাও যাওয়ার উপায় ছিল না।
লিকশিন শহরে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি, গাড়ি সব লন্ডভন্ড হয়ে গেছে। শশিকড়সহ উপড়ে পড়েছে বড় বড় গাছ। ধ্বংসাবশেষ থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।