চীনে দুর্নীতির দায়ে সাবেক মেয়রের ১৫ বছর সাজা

দুর্নীতির দায়ে চীনের নানজিং শহরের সাবেক মেয়র জি জিয়ানয়ের ১৫ বছরের কারাদণ্ড হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের একটি আদালত গতকাল মঙ্গলবার এ রায় দেন। জিয়ানয়ে ১৯৯৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ১৯ লাখ ডলারের সমপরিমাণ অর্থ ঘুষ নিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
মেয়র থাকার সময় নানজিং শহরে বড় বড় স্থাপনা নির্মাণ এবং নতুন উন্নয়নকাজের জন্য ‘বুলডোজার’ নামে পরিচিতি পান জিয়ানয়ে। আদালতের এক বিবৃতিতে বলা হয়, তিনি অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুরু করা দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় জিয়ানয়ের মতো উচ্চপদস্থ আরও কয়েকজনের সাজা হয়েছে।
জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ের মেয়র থাকাকালে জিয়ানয়ে ২০১০ সালে অত্যন্ত ক্ষমতাধর ভূমিকায় অবতীর্ণ হন। ‘আইন ও শৃঙ্খলার মারাত্মক লঙ্ঘনের’ অভিযোগে তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের জানুয়ারিতে তদন্ত শুরু হয়। গত বছর গ্রেপ্তার করার পাশাপাশি তাঁকে ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি (সিপিসি) থেকে বহিষ্কার করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ব্যবসায়িক সুবিধা ও ঠিকাদারি পাইয়ে দেওয়ার বিনিময়ে জিয়ানয়ে প্রভাবশালী বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ ও উপহারসামগ্রী নিয়েছেন।
প্রেসিডেন্ট শি জিনপিং ২০১২ সালের নভেম্বরে চীনের ক্ষমতায় আসার পর থেকেই কঠোর দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। দুর্নীতির অভিযোগে দেশের একমাত্র বৈধ রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি ও এর সরকারের বিরুদ্ধে জনমনে যে ক্ষোভ রয়েছে, তা দূর করাই ওই অভিযানের লক্ষ্য। চীনের সাবেক নিরাপত্তাপ্রধান ঝু ইয়ংকাংয়ের বিরুদ্ধেও গত সপ্তাহে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করা ইত্যাদি।