চীনে দ্বিতীয় সন্তান চান না বেশির ভাগ দম্পতি
চীনের এক সন্তান নীতি শিথিল করার পর দেখা যাচ্ছে, দ্বিতীয় সন্তানের জন্য অনুমতি চেয়ে খুব কম দম্পতিই আবেদন করেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল সোমবার এই খবর দেয়। চীনাদের এই সন্তানবিমুখতায় জনসংখ্যাবিদেরা আশঙ্কা করছেন, এর ফলে চীনের জন্মহার ভবিষ্যতে দ্রুতহারে কমে যাবে। খবর রয়টার্সের।
চায়না ইয়ুথ ডেইলিতে প্রকাশিত হয় এ-সংক্রান্ত প্রতিবেদনটি। ধনী দেশ হওয়ার আগেই চীন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের দেশ হবে—এমন আশঙ্কায় চীন সরকার এক সন্তান নীতি শিথিল করে।
চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এখন দেশটির জনসংখ্যা ১৩৪ কোটি। অনেক বিশ্লেষক মনে করেন, এক সন্তান নীতি চীনের শ্রমশক্তির পরিমাণ কমিয়ে দিয়েছে। এর ফলে দেশটির প্রবৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
২০১২ সালে চীনে জনসংখ্যার অনুপাতে শ্রমশক্তি কমতে শুরু করে। ২০১৩ সালের শেষ দিকে চীন পরিবার পরিকল্পনার ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের বাধা-নিষেধ শিথিল করা হয়। যেসব দম্পতি দ্বিতীয় সন্তান নিতে আগ্রহী তাঁদের বলা হয় আবেদন করতে। চীনের ইতিহাসে এই সিদ্ধান্ত ছিল সবচেয়ে বড় উদারনীতির উদাহরণ। দেশটিতে তিন দশক ধরে এক সন্তান নীতি চালু ছিল। যেসব দম্পতি এই সরকারি নীতি ভঙ্গ করতেন তাঁদের নানা শাস্তি দেওয়া হতো। এর মধ্যে ছিল জরিমানা, চাকরিচ্যুতি। আবার কোনো কোনো ক্ষেত্রে মায়েদের দ্বিতীয় সন্তান নেওয়ার সময় গর্ভপাতে বাধ্য করা হতো বা বন্ধ্যা করা হতো।
এক সন্তানের বিধি-নিষেধ তুলে নেওয়ার পরও সমালোচকেরা বলেন, এই নীতি বেশ দেরিতে এসে করা হলো। আর কেবল দুই সন্তানও যথেষ্ট নয়। দীর্ঘদিন ধরে এক সন্তান নীতির ফলে চীনের অর্থনীতি ও সমাজে যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, সেটি রোধ করতে এই সিদ্ধান্ত খুব দেরি হয়ে গেল।
চায়না ইয়ুথ ডেইলির প্রতিবেদনে বলা হয়, বেজিংয়ে দুই সন্তান নিতে সমর্থদের মধ্যে মাত্র ৬ দশমিক ৭ দম্পতি এই সুযোগ নেওয়ার জন্য আবেদন করেছেন। সরকার আশা করেছিল, নতুন আইন করার ফলে অতিরিক্ত আরও ৫৪ হাজার ২০০ নতুন শিশু জন্ম হবে।
দক্ষিণ চীনের গুয়াজি অঞ্চলে সমর্থ দম্পতিদের মধ্যে মাত্র ২০ শতাংশ আবেদন করেছেন দ্বিতীয় সন্তানের জন্য। গুইলিন নগরে সমর্থ আবেদনকারীর সংখ্যা ছিল ৩০ শতাংশ। অপেক্ষাকৃত দরিদ্র অঞ্চল আনহুই নগরে মাত্র ১২ শতাংশ দম্পতি আবেদন করেছেন দ্বিতীয় সন্তানের জন্য। জনসংখ্যাবিদদের উদ্ধৃত করে পত্রিকাটি বলছে, ভরণ-পোষণের কথা চিন্তা করেই পরিবারগুলো দ্বিতীয় সন্তানের বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন না।
চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন বলেছে, প্রায় ১০ লাখ দম্পতি দ্বিতীয় সন্তানের জন্য আবেদন করেছেন। এটি প্রত্যাশার চেয়ে কম।