চীনে পদদলিত হয়ে নিহত বেশির ভাগই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে বর্ষবরণ অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের স্মরণে সাংহাইয়ের ওয়াটার ফ্রন্টের সামনে আজ শুক্রবার এক শোকসভার আয়োজন করা হয়। নগরের গভর্নর জানিয়েছেন, নববর্ষের রাতের ওই মর্মা‌ন্তিক দুর্ঘটনায় নিহত ৩৬ জনের বেশির ভাগই নারী। খবর এএফপির
২০১০ সালে সাংহাইয়ের একটি আকাশচুম্বী আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকা‌ণ্ডে ৫৮ জনের মৃত্যুর ঘটনার পর নববর্ষের এ ঘটনাটিই ছিল সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা।
সকালে শতাধিক মানুষ সাংহাইয়ের প্রথম কমিউনিস্ট মেয়র চেন ইর মূর্তির কাছে ওই দুর্ঘটনাস্থলে সমবেত হয়। সরকার অনুমোদিত সুনির্দিষ্ট স্থানে নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শোক প্রকাশ করা হয়।
নিহত ব্যক্তিদের তালিকায় দেখা যায়, সবচেয়ে কম বয়সী ছিল ১২ বছরের এক ছেলে। সবচেয়ে বেশি বয়সী ব্যক্তিটির বয়স ৩৭ বছর। এ ঘটনায় নিহত ব্যক্তিদের ২১ জনই নারী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চেন জিয়াও হাং শোকস্থলে তাঁর সহপাঠীর বোনের স্মরণে সাদা ফুল অর্পণ করেন। জমায়েতে সাংহাইয়ের বাসিন্দারা এমন প্রশ্নও তুলছেন, কেন নগর-সরকার মানুষের ভিড় নিয়ন্ত্রণ করেনি।
যদিও পুলিশের পক্ষথেকে জানানো হয়, ওই দিন সেখানে অতিরিক্ত ৭০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল।