চীনে প্রমোদতরি ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৯৬

চীনের ইয়াংজি নদীতে প্রমোদতরি ‘ইস্টার্ন স্টার’ ডুবে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত সোমবার রাতে প্রমোদতরিটি এক পাশে কাত হয়ে উল্টে যায়।
আজ শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার ও এএফপির খবরে জানানো হয়, সকাল আটটার দিকে ৩৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি গতকাল দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ১৫৪ জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে। সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে, আরোহীদের আর কাউকে জীবিত উদ্ধারের আশা নেই। এর অর্থ, মৃতের সংখ্যা ৪৪০ জন ছাড়িয়ে যেতে পারে।
‘ইস্টার্ন স্টার’ পূর্ব চীনের নানজিং থেকে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চোংকিংয়ে যাওয়ার পথে সোমবার রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ২৫০ ফুট লম্বা নৌযানটিতে ঘটনার সময় ৪৫৬ জন আরোহী ছিলেন। এঁদের বেশির ভাগই ছিলেন ৬০ বছরের বেশি বয়স্ক পর্যটক। মাত্র ১৪ জন আরোহী জীবিত উদ্ধার হয়েছেন। বলা হচ্ছে, চীনে গত প্রায় ৭০ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় নৌদুর্ঘটনা।
তরিটি ডুবে যাওয়ার পর কেবল এর মাস্তুলের অংশটিই দেখা যাচ্ছিল। গতকাল সকালে এটির নাম লেখা অংশটি পানির ওপরে ভাসিয়ে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। পরে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশ করা একটি ছবিতে নৌযানটিকে পুরোপুরি সোজা অবস্থায় দেখা গেছে। এর ছাদ একেবারে ভেঙেচুরে গেছে।
এর আগে বলা হয়েছিল, ঘটনার ৭২ ঘণ্টা পর যদি প্রাণের কোনো সংকেত আর না পাওয়া যায়, তাহলে উল্টে থাকা নৌযানটিকে সোজা করা হবে।