চীনে বন্যায় ঘরহারা প্রায় ১৭ লাখ মানুষ
চীনের শানঝি প্রদেশে টানা ও ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ১৭ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। গত সপ্তাহে প্রদেশটির ৭০টির বেশি শহরে ভারী বর্ষণের কারণে ভূমিধস ও ভবনধসের ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। খবর বিবিসির।
তিন মাসের কম সময়ের মধ্যে চীন আবার ভয়াবহ বন্যার কবলে পড়ল। তিন মাস আগে হেনান প্রদেশে বন্যায় তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল। এ ছাড়া ওই প্রদেশের পার্শ্ববর্তী হেবেই প্রদেশে একটি বাস নদীতে পড়লে অন্তত তিনজন নিহত হন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় ১১ থেকে ৫১ যাত্রী নিখোঁজ হন।
চীনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী ও টানা বর্ষণ এবং ঝোড়ো হাওয়ায় শানঝিতে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। প্রদেশটিতে বহু পুরোনো স্মৃতিস্তম্ভ রয়েছে, যা ঝুঁকির মুখে পড়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় প্রদেশটিতে অন্তত ১৭ হাজার বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্লোবাল টাইমস বলেছে, ভূমিধসে অন্তত চারজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তারা। শানঝি প্রদেশের বন্যা হেনান প্রদেশের বন্যার চেয়ে খারাপ হতে পারে বলে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়।
শানঝির রাজধানী তাইউনে গত সপ্তাহে গড়ে প্রায় ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ ১৯৮১ সাল থেকে ২০২০ পর্যন্ত অক্টোবর মাসে সেখানে মাত্র ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।