চীনে বাঘের হামলায় দুই নারী হতাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের বেইজিংয়ে বন্য প্রাণীর একটি পার্কে বাঘের হামলায় হতাহত হয়েছেন দুই নারী। গত শনিবার বেইজিংয়ের বাদালিং ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ড পার্কে এ ঘটনা ঘটে।
গতকাল রোববার চীনের অনলাইন মিডিয়ায় প্রকাশিত এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, পার্কের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি জায়গায় গাড়ি দাঁড় করিয়ে বের হন এক নারী। অমনি একটি বাঘ এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে টেনে নিয়ে যায়। ওই নারীকে সাহায্য করতে গাড়ি থেকে নামেন এক ব্যক্তি ও আরেক নারী। এ সময় আরেকটি বাঘ এসে দ্বিতীয় নারীর ওপর হামলা চালায়। ওই নারী মারা যান। পুরুষ ব্যক্তিটি আক্রমণের শিকার হননি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পার্কের রেঞ্জার খুব দ্রুত ঘটনাস্থলে চলে আসে। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
পার্ক কর্তৃপক্ষ জানায়, আহত নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি তারা। সূত্র: এএফপি, বিবিসি