চীনে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ছে গাড়ি। ছবি: রয়টার্স
চীনে বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ছে গাড়ি। ছবি: রয়টার্স

চীনের উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর নগর তিয়ানজিনের একটি শিল্পাঞ্চলে বড় ধরনের দুটি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৪ জন হয়েছে। আহত পাঁচ শতাধিক।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে। খানিক পর দ্বিতীয় বিস্ফোরণটি হয়।
বন্দর এলাকার পণ্যসামগ্রীর একটি গুদামে ওই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। গুদামে মারাত্মক রাসায়নিক পণ্য ছিল।
বিস্ফোরণের আওয়াজ কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুনের সুবিশাল ফুলকি স্যাটেলাইটে পর্যন্ত ধরা পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিস্ফোরণ ও আগুনে এলাকাটির বিপুল অংশ বিধ্বস্ত হয়েছে। শিপিং কন্টেইনারগুলো পুড়েছে। পুড়েছে শত শত নতুন গাড়ি। বন্দর এলাকার অনেক ভবন পুড়ে ছারখার হয়েছে।
আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করেন ফায়ার সার্ভিসের হাজার খানেক সদস্য। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের অন্তত ১২ জন সদস্য নিহত হয়েছেন। ৩৬ জন সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিস্ফোরণ ও আগুনে আহত অন্তত ৫২০ জনের মধ্যে ৬৬ জনের অবস্থা গুরুতর।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালাতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। আহতদের সুচিকিৎসার পাশাপাশি জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন তিনি।