চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে ভূমিকম্পের পর ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। খননযন্ত্র ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষ শনাক্তকরণ যন্ত্র নিয়ে অন্তত আড়াই হাজার সেনাসদস্য উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। খবর এএফপি ও বিবিসির।
গত রোববার ৬ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার ৮০০ মানুষ। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে ও বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ভূমিকম্পের পরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত ৩০০ সদস্য উদ্ধারকাজ শুরু করেন। তাঁর সঙ্গে বিশেষজ্ঞ কুকুর নিয়ে যোগ দেন জরুরি বিভাগের অন্তত ৪০০ কর্মী। ধ্বংসের ভয়াবহতা বেশি হওয়ায় পরে আড়াই হাজার সেনাসদস্য উদ্ধার অভিযানে যোগ দেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ভূমিকম্পের ফলে পাহাড় ও টিলা ধসে কোনো কোনো এলাকার সড়কে খণ্ড খণ্ড পাথরের ছয় থেকে আট ফুট পর্যন্ত উঁচু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সেগুলো সরিয়ে বিভিন্ন এলাকায় যেতে সময় লাগছে উদ্ধারকর্মীদের। ভূমিকম্পে ১২ হাজার বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৩০ হাজার ঘরবাড়ি। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সিনহুয়া জানায়, ওই অঞ্চলে দুই হাজার তাঁবু, তিন হাজার ভাঁজ করা বিছানা, তিন হাজার লেপ ও তিন হাজার কোট পাঠানো হয়েছে।