চীনে ভূমিধসে নিখোঁজ ৯১
চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে গত রোববারের ভূমিধসে ৩৩টি ভবন ধসে পড়েছে। কয়েক শ উদ্ধারকর্মী নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ভূমিধসের ফলে এখনো ৯১ জন নিখোঁজ রয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। খবর বিবিসির।
শেনঝেন কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে। ভূমিধসের পর শিল্পাঞ্চলটি থেকে প্রায় ৯০০ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। শেনঝেন চীনের বৃহত্তম শিল্পনগরী। হংকং সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এটি অবস্থিত।
শেনঝেনের জরুরি ব্যবস্থাপনা কার্যালয়ের মাইক্রোব্লগে বলা হয়েছে, ভূমিধসের ফলে ৩ লাখ ৮০ হাজার বর্গমিটার এলাকা ১০ মিটার কাদামাটিতে তলিয়ে গেছে। সিনহুয়া জানায়, ভূমিধসের ফলে একটি প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় কর্মীরা প্রায় ৪০০ মিটার ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ করে যাচ্ছেন।