চীনে যৌন নিপীড়ক শিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬টি মেয়েশিশুকে ধর্ষণ অথবা যৌন নির্যাতনের অপরাধে চীনে এক সাবেক শিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁর হাতে নিপীড়িত শিশুদের বয়স ৪ থেকে ১১ বছর। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
দণ্ডিত ওই শিক্ষকের নাম লি জিশুন। তিনি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের একটি গ্রামের বিদ্যালয়ে ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। আদালত সূত্র জানায়, জিশুন ওই দুই বছরে নিজের বাসা ও বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ২১টি শিশুকে ধর্ষণ এবং পাঁচটি শিশুকে যৌন নির্যাতন করেন। ওই প্রদেশের তিয়ানশুইর একটি আদালতের তত্ত্বাবধানে তাঁর মৃত্যুদণ্ড গত বৃহস্পতিবার কার্যকর করা হয়।
চীনের সুপ্রিম পিপলস কোর্টের বিবৃতিতে বলা হয়, জিশুনকে সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। কারণ, তিনি শিশুদের ক্ষতি করেছেন। আর এতে সমাজে চরম নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি শিশুদের সরলতা ও ভীতির সুযোগ নিয়েছিলেন।
চীনে শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনা সাম্প্রতিক বছরগুলোয় বেড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে দেশটির বিভিন্ন স্থানে এ রকম ৭ হাজার ১৪৫টি নির্যাতন করা হয়েছে।