চীনে রবিন হুড

ইংলিশ লোককাহিনির জনপ্রিয় নায়ক রবিন হুডকে এবার দেখা যাবে চীনে! ইংল্যান্ডের নটিংহ্যাম দুর্গের কাছে থাকা রবিন হুডের বিখ্যাত মূর্তিটির প্রতিরূপ তৈরি করে পাঠানো হচ্ছে চীনের নিংবো শহরে। সেখানে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের একটি শাখা রয়েছে। খবর বিবিসির।
নটিংহ্যামের মূল মূর্তিটি ১৯৫২ সালে উন্মুক্ত করার পর থেকেই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বহু তারকা ব্যক্তিত্ব মূর্তিটির সঙ্গে ছবি তুলেছেন। মূল মূর্তিটির ভাস্কর জেমস উডফোর্ড প্রয়াত হয়েছেন। রেপ্লিকা তৈরির ব্যাপারে তাঁর উত্তরাধিকারীরা আপত্তি করেননি।
রবিনহুডের রেপ্লিকাটি নির্মাণ করতে মূল মূর্তি থেকে ছাঁচ তৈরির কাজ চলছে এখন। দুটি চীনা সিংহমূর্তি পাওয়ার বিনিময়ে নটিংহ্যাম রবিন হুডের ওই মূর্তিটি চীনকে দেবে। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় প্রথম কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে চীনে একটি শাখা খুলেছে। এটির শিক্ষা কার্যক্রম ২০০৪ সাল থেকে শুরু হয়। নটিংহ্যামের মূল ক্যাম্পাসের সঙ্গে মিল রেখেই নির্মিত হয়েছে চীনের নিংবোর ক্যাম্পাসটি।
নটিংহ্যাম নগর পরিষদের নেতা জন কলিন্স বলেন, চীনের নিংবো শহরের সঙ্গে তাঁরা একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। উপহারটি (রবিনহুডের মূর্তি) সেই সম্পর্ককে আরও জোরদার করবে। দুই দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সম্প্রদায় এর সুফল পাবে।
নিংবোয় আগামী ২ থেকে ১১ নভেম্বর পর্যন্ত নটিংহ্যাম বাণিজ্য মিশনের সময়ই রবিন হুডের মূর্তিটি উন্মোচন করা হবে। এটি তৈরিতে খরচ হচ্ছে পাঁচ হাজার ব্রিটিশ পাউন্ড।
কয়েক শ বছর আগের লোককথার চরিত্র রবিনহুড ধনী মানুষের কাছ থেকে অর্থবিত্ত লুট করে গরিবদের সাহায্য করতেন বলে জনশ্রুতি রয়েছে। কাহিনি অনুযায়ী নটিংহ্যামশায়ারের গহিন শেরউড বন ছিল তাঁর দলের আস্তানা।