যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা জ্যারেড কুশনারের পারিবারিক প্রতিষ্ঠান চীনে অনুষ্ঠেয় এক রোড শো কর্মসূচিতে অংশ নিচ্ছে না। যদিও প্রতিষ্ঠানটি তাঁর এক রিয়েল এস্টেট প্রকল্পে অর্থায়নের জন্য চীনের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মার্কিন অভিবাসন ভিসার বিনিময়ে বিনিয়োগ প্রত্যাশা করছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র এ কথা জানিয়েছেন। এর আগে গত সপ্তাহান্তে বেইজিং ও সাংহাইয়ে অনুষ্ঠিত একটি বিপণন কর্মসূচিতে কুশনারের বোন নিকোল কুশনার মেয়ারকে দেখা গেছে। কুশনারের পারিবারিক প্রতিষ্ঠানে বিনিয়োগের বিনিময়ে ইবি-৫ ভিসা প্রদান কর্মসূচির অধীন ১৫ কোটি ডলার তহবিল সংগ্রহের চেষ্টা ছিল ওই বিপণন কর্মসূচি। এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হলে আজ শনিবার চীনের শেনঝেন ও কাল রোববার গুয়াংঝুতে অনুষ্ঠেয় রোড শোতে অংশগ্রহণ থেকে সরে আসে কুশনারের প্রতিষ্ঠান।