চীনে শিশুদের অর্ধেকের বেশি দ্বিতীয় সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে এ বছরের প্রথম আট মাসে জন্ম নেওয়া শিশুদের অর্ধেকের বেশিই পরিবারের দ্বিতীয় সন্তান। দীর্ঘদিনের এক সন্তান নীতি থেকে সরে আসার পর দেশটিতে এই পরিবর্তন লক্ষ করা গেল। প্রসঙ্গত, ৩৬ বছর পর ২০১৫ সালে এক সন্তান নীতি থেকে সরে আসে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন।

 জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের উপপ্রধান ওয়াং পেলান বলেন, ২০১৭ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১ কোটি ১৬ লাখ শিশুর জন্ম হয়েছে যা জন্মগ্রহণ করা মোট শিশুর ৫২ শতাংশ। ২০১৬ সালেই তা ছিল ৪৫ শতাংশ। সে বছর হাসপাতালে জন্ম নেয় ১ কোটি ৮৫ লাখ শিশু। ২০০০ সালের পর চীনে এটিই ছিল সর্বোচ্চ সংখ্যক শিশু জন্মের সাল।

দেশটির জন্মহার এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনার লক্ষ্যে ১৯৭৯ সালে চীন সরকার এক সন্তান নীতি প্রণয়ন করে। এ নীতির আওতায় একের অধিক সন্তান নিতে পারত না চীনের পরিবারগুলো। শুধু এ নীতি করেই থেমে থাকেনি দেশটি। কঠোরভাবে পালন করার জন্য বাধ্য করা হতো জনগণকে। এ জন্য যেসব পরিবার এক সন্তান নীতি ভঙ্গ করত তাদের জরিমানা করা হতো। দেশটির বয়স্ক মানুষেরা এ নীতি থেকে সরে আসতে সরকারকে অনেক দিন ধরে চাপ দিয়ে আসছিল। এরপর দুই সন্তান নীতিকে এগিয়ে নিতে সরকার কর, গৃহায়ণ ও চাকরির ক্ষেত্রে সুবিধা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে।