চীনে সহিংসতায় নিহত ৫০
পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় গত রোববার ৫০ ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনাকে পুলিশ ‘মারাত্মক সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
চলতি সপ্তাহের শুরুর দিকে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ওই সহিংসতার ঘটনা লুনতাই কাউন্টিতে ঘটে এবং তাতে মাত্র দুজন নিহত হন। তবে বৃহস্পতিবার রাতে একটি রাষ্ট্রীয় অনলাইন মাধ্যমের খবরে ৪০ ‘দাঙ্গাকারী’, ছয় বেসামরিক নাগরিক ও চার পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার কথা বলা হয়।
চীনের পশ্চিমাঞ্চলের সহিংসতাকবলিত শিনজিয়াংয়ে মুসলিম উইঘুর ও হান জাতির চীনাদের মধ্যে উত্তেজনা রয়েছে। আঞ্চলিক সরকারের অনলাইন মাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার বিকেল পাঁচটার দিকে দুটি পুলিশ স্টেশন, একটি বাজার ও একটি দোকানের প্রবেশপথে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ৪০ জন দাঙ্গাকারী আত্মঘাতী বোমা ফাটিয়ে অথবা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ সময় ৫৪ বেসামরিক লোকও আহত হন।
শিনজিয়াং প্রদেশের মোট জনবসতির ৪৫ শতাংশ উইঘুর এবং ৪০ শতাংশ হান সম্প্রদায়ের মানুষ। মুসলিম উইঘুরদের আশঙ্কা, জাতিগত হানদের আগমন বেড়ে যাওয়ার কারণে তাঁদের ধর্ম ও সংস্কৃতি হুমকির মুখে পড়েছে। খবরে সহিংসতার ঘটনায় মামাত তুরসান নামের এক ব্যক্তিকে প্রধান সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ব্যক্তি ২০০৩ সাল থেকে ‘উগ্রপন্থী কার্যক্রম’ পরিচালনা করছেন বলে খবরে দাবি করা হয়।
সহিংসতাকবলিত শিনজিয়াংয়ে প্রবেশে কড়াকড়ি এবং তথ্যপ্রবাহের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকায় সেখানকার কোনো খবরের সত্যতা যাচাই করা কঠিন। চীনের অভিযোগ, সহিংসতা সৃষ্টিতে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলো’ উইঘুরের উগ্রপন্থীদের মদদ দিচ্ছে। অন্যদিকে উইঘুর অধিকারকর্মীরা বলেন, চীনের দমননীতিই স্থানীয় এলাকাগুলোতে ক্ষোভ ও সহিংসতা উসকে দিচ্ছে।